সিলেটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে ফিরছে টেস্ট ক্রিকেট
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ PM

সিলেটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে ফিরছে টেস্ট ক্রিকেট

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ১২:১৬:৪৬ PM

সিলেটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে ফিরছে টেস্ট ক্রিকেট


নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ হতে না হতেই নতুন চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা ঘিরে ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস।

পাকিস্তান দল ৩ মে ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে রাজধানীর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের এই সিরিজটি ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় গুরুত্ব পাচ্ছে বাড়তি মাত্রা।

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আন্তর্জাতিক স্টেডিয়ামটি বরাবরই ক্রিকেটার ও দর্শকদের কাছে আলাদা আকর্ষণ। সবুজ পাহাড়ের পটভূমিতে অবস্থিত এই ভেন্যুতে টেস্ট ম্যাচ আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে উৎসবের আমেজ। 

সবশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট খেলেছিল। সেবার বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচির কারণে এবারের সফরটি দুই ধাপে আয়োজন করা হচ্ছে এবং এই ধাপে শুধুই টেস্ট ম্যাচ খেলবে তারা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর