মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০৩:০৮:২০ অপরাহ্ন

সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু


সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই শিশুর বয়স ছিল ৫ ও ৬ মাস। এ নিয়ে সিলেট বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে ৬৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১২৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জনের হামের সংক্রমণ নিশ্চিত করা গেছে, বাকিরা সন্দেহভাজন ছিলেন।

বর্তমানে চিকিৎসাধীন সন্দেহভাজন ২০০ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতেও রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের প্রাদুর্ভাব রোধে টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর