সরকারি সহায়তা পেলেন হাওরের ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষক
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৮ PM

সরকারি সহায়তা পেলেন হাওরের ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০৫:৩৭:০৫ PM

সরকারি সহায়তা পেলেন হাওরের ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষক


ভারী বৃষ্টিপাতে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষকদের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলায় উপস্থিত হয়ে উপজেলা পরিষদের হলরুমে এই সহায়তা দেওয়া হয়। যার মধ্যে ২০ কেজি চাল ও নগদ অর্থ ছিল। পাশাপাশি কৃষকদের আর্থিক সহায়তার পর করচার হাওর পরিদর্শন করেন মন্ত্রীরা।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ভারী বৃষ্টিতে হাওরের কৃষকদের যে ক্ষতি হয়েছে সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে হাওরে যে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে দেশে খাদ্য ঘাটতির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, হাওরের পানি নিষ্কাশনের জন্য আর যাতে কোনো বছর ফসলের ক্ষতি না হয় সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে হাওরের মধ্যে অপরিকল্পিত প্রকল্প যাতে নির্মাণ করা না হয় সেই দিকেও নজর বাড়ানো হবে।

এদিকে একই অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে যদি দুর্নীতি কিংবা অনিয়ম হয় তাহলে অবশ্যই তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই।

মন্ত্রী বলেন, সুনামগঞ্জের যে কোনো দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত। এমনকি স্থানীয় প্রশাসনেরও প্রস্তুতি রয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না। সব সময় সরকার আপনাদের পাশে থাকবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর