অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৫ PM

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ১০:১১:৩৬ AM

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু


পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচল করা আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ে জানিয়েছে, এবারের ঈদযাত্রায় শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। যাত্রীরা শুধু বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদযাত্রার টিকিট বিক্রির সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে’র যাত্রার টিকিট। ১৪ মে বিক্রি হবে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র ঈদযাত্রার টিকিট।

অন্যদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ২১ মে থেকে। ওইদিন বিক্রি হবে ৩১ মে’র টিকিট। ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট।

রেলওয়ের বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

একজন যাত্রী ঈদে যাওয়া ও ফেরার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। চারটি টিকিট কাটার ক্ষেত্রে সহযাত্রীদের নামও ইনপুট দিতে হবে।

রেলওয়ে আরও জানিয়েছে, এবার ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয়। তবে যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। ফেসবুক পেজ বা অননুমোদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট কেনাবেচা না করার আহ্বান জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, অননুমোদিত মাধ্যমে টিকিট কিনলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যাত্রীদের শুধু সরকারি প্ল্যাটফর্ম ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর