হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিজেদেরও আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা করতে হবে। এসব সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির একজন সদস্যকে রাখতে হবে এবং সকল শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির পাশাপাশি যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া যাবে না।
মিশুক ও টমটমের শৃঙ্খলা ফেরানোর বিষয়ে তিনি বলেন, জেলা আইন শৃঙ্খলা কমিটির পরামর্শক্রমে নীতিমালা প্রণয়ন করে ব্যবস্থা নিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, যারা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, তারা নিজেরা আইন ভঙ্গ করতে পারবেন না। মামলা করা এবং আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে আরও সচেতন হতে হবে। কোনো আসামি গ্রেপ্তার হলে তার জন্য কোনো ধরনের তদবির করা যাবে না।
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও মেহরাব হোসাইন।
সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আকাদ্দস তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম প্রমুখ।
আজকের সিলেট/ জেকেএস
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 








