কোরবানির বাজারে চমক ‘মিস্টার সিলেট’, প্রস্তুত ৩ লাখের বেশি পশু
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৮ AM

কোরবানির বাজারে চমক ‘মিস্টার সিলেট’, প্রস্তুত ৩ লাখের বেশি পশু

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০৯:১৬:৩৪ AM

কোরবানির বাজারে চমক ‘মিস্টার সিলেট’, প্রস্তুত ৩ লাখের বেশি পশু


  • কোরবানির ঈদ ঘিরে সিলেটে জমজমাট পশুর খামার

  • তিন লাখের বেশি পশু প্রস্তুত

  • ভারতীয় গরু না এলে লাভের আশা খামারিদের

কোরবানির ঈদকে সামনে রেখে সিলেট বিভাগের খামারগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। বিভাগজুড়ে প্রায় তিন লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত রাখা হয়েছে। দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা এসব পশু নিয়ে আশাবাদী খামারিরা। তাদের প্রত্যাশা, ভারতীয় গরু আমদানি ও সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধ থাকলে এবার ভালো দামে পশু বিক্রি হবে এবং আগের লোকসান অনেকটাই পুষিয়ে নেয়া সম্ভব হবে।

খামার সংশ্লিষ্টরা জানান, কোরবানির বাজারকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই পশু মোটাতাজাকরণের কাজ চলছে। 

তবে এবার অধিকাংশ খামারেই প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজা করা হয়েছে। খড়, খৈল, ভুষি, গুড়ের চিটা, চাল-ডালের গুঁড়ো এবং নিজেদের জমিতে উৎপাদিত নেপিয়ার ঘাসই পশুর প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন, স্টেরয়েড বা নিষিদ্ধ ওষুধ ব্যবহার না করার দাবি খামারিদের।

এবার সিলেটের পশুর হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে “মিস্টার সিলেট” নামের একটি বিশাল আকৃতির গরু। খামারিরা গরুটির দাম হাঁকছেন প্রায় ৩০ লাখ টাকা। এছাড়াও “লাল্লু”, “কাল্লু”সহ নানা আকর্ষণীয় নামে প্রস্তুত করা হয়েছে বিভিন্ন গরু, যা ইতোমধ্যে ক্রেতাদের দৃষ্টি কাড়ছে।

খামারিরা জানান, প্রতি বছরের মতো এবারও ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকবে বলে তারা মনে করছেন। সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে অধিকাংশ খামারেই মাঝারি আকারের গরু বেশি প্রস্তুত করা হয়েছে।

সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. আবু জাফর মো. ফেরদৌস বলেন, কোরবানির পশুর স্বাস্থ্য সুরক্ষায় মাঠপর্যায়ে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হচ্ছে। একই সঙ্গে দেশীয় পদ্ধতির বাইরে কোনো ক্ষতিকর উপায়ে গরু মোটাতাজা করা হচ্ছে কি না, সেদিকেও কঠোর নজরদারি রাখা হয়েছে। তিনি বলেন, ভারতীয় গরু আমদানি নিয়ন্ত্রণে থাকলে স্থানীয় খামারিরা এবার ভালো লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, সিলেট বিভাগের চার জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বিপুল সংখ্যক পশু। এর মধ্যে সিলেট জেলায় রয়েছে ১ লাখ ৩ হাজার ৯৩৮টি পশু, হবিগঞ্জে ৫০ হাজার ৮০২টি, মৌলভীবাজারে ৭৮ হাজার ৫৮৫টি এবং সুনামগঞ্জে ৫২ হাজার ৫১৩টি পশু।

কোরবানির ঈদ ঘিরে খামারিদের এই প্রস্তুতি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর