শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫০ PM

শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৭:০২:৫৩ PM

শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে (দুপুরের খাবার) অংশ নিয়েছেন। 

মঙ্গলবার দুপুরে তিনি শাহপরান হলের ডাইনিংয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে দুপুরের খাবার খান এবং তাদের খোঁজখবর নেন।

ভোজনকালে ভাইস চ্যান্সেলর হলের খাবারের মান উন্নত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর নির্দেশ দেন। ডাইনিংয়ের বাবুর্চি ও সংশ্লিষ্ট কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করতে হবে। এই বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

খাবার টেবিলে শিক্ষার্থীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক মুক্ত আলোচনায় মেতে ওঠেন ভাইস চ্যান্সেলর । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্নেহসুলভ কণ্ঠে বলেন, তোমরা সবসময় শিক্ষকদের কথা শুনবে ও তাঁদের পরামর্শ মেনে চলবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রশাসনের ভালো কাজের পেছনে তোমাদের প্রশংসা ও সমর্থন চাই। তোমাদের এই উৎসাহ আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে মাননীয় ভাইস চ্যান্সেলর ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, "আমি আন্তরিকভাবে চেষ্টা করছি তোমাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। তবে দীর্ঘদিনের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে সমাধান করতে আমাকে সময় দিতে হবে। শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে তিনি ঘোষণা দেন, চলতি ছুটির পরপরই আমি প্রতিটি হলের শিক্ষার্থীদের সাথে আলাদাভাবে আলোচনায় বসবো এবং তোমাদের সব সমস্যার কথা সরাসরি শুনবো।

ভাইস চ্যান্সেলর মহোদয়ের এমন ব্যতিক্রমী ও আন্তরিক উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভাইস চ্যান্সেলরকে একদম নিজেদের পাশে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নসহ সার্বিক সেবার বিষয়ে ভাইস চ্যান্সেলর এই তৎপরতাকে সাধুবাদ জানান। 

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মিসবাহ উদ্দিন প্রমুখ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর