পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের জন্যও বিশেষ ব্যবস্থাপনায় দুইটি গরু কোরবানি করে মাংস বিতরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছর ঈদের ছুটিতে নানা কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থী, ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ ছুটির সময়েও হলে থাকেন।
ঈদের দিনে শিক্ষার্থীরা যাতে একাকিত্ব অনুভব না করেন এবং উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের নির্দেশনায় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।
প্রীতিভোজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মিসবাহ উদ্দিন, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগে হলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ও আন্তরিকতার আবহ সৃষ্টি হয়েছে।
আজকের সিলেট/জেকেএস
শাবি প্রতিনিধি 








