সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টার-২০২৬ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ও ফল সেমিস্টার-২০২৫ এর কৃতী শিক্ষার্থীদের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না, তাই আমি শিল্পের উন্নতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এ ছাড়া গ্রামে প্রতিষ্ঠিত হলেও লিডিং ইউনিভার্সিটি মানব সম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তুলনামূলকভাবে কম খরচে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে উন্নত জীবন যাপনের ব্যবস্থা করে নিজের পরিবার সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
তিনি নবীন শিক্ষার্থীদের আজ থেকে লিডিং ইউনিভার্সিটির পরিবারের সদস্য উল্লেখ করে তাদের অভিভাবকদের উদ্দেশে বলেন, ছেলে-মেয়েরা কি করছে, বিশ্ববিদ্যালয়ে এসে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, সেসব বিষয়ে মাঝেমধ্যে খোঁজখবর রাখা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনের সহযোগিতা সবসময়ই থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
তিনি বিভিন্ন বিভাগের গত সেমিস্টারের সেরা শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান এবং তাদের সনদ ও ক্রেস্ট প্রদান করেন। পরিশেষে তিনি তরুণ শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত করে সমাজ ও দেশের উন্নয়নে দক্ষ মানব সম্পদে পরিনত করতে এবং এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরি করে লিডিং ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।’ তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।’
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হান্নান, ড. সাদিয়া মালিক চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজক কমিটির কনভেনার প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফের ডা. মো. আব্দুল মজিদ মিয়া, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং সব বিভাগের বিভাগীয় প্রধানদের পক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান,লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, লাইব্রেরিয়ান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। নবীন শিক্ষার্থী হিসেবে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহ মৌনতা অরনি।
নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জামিউর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী অবিরাম গোপাল দাশ।
অনুষ্ঠানে ফল সেমিস্টার-২০২৫ এর কৃতী শিক্ষার্থীদের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ইশরাত মাহজাবিন মান্নি (বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন), হুমায়রা হক ইমু (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), তুফা হুসেইন নোভা (ইংরেজি), শেখ মোসা. রাজনা (ইসলামিক স্টাডিজ), সাদিয়া জান্নাত (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), তাহিয়াত রশিদ (সিভিল ইঞ্জিনিয়ারিং) এবং ফাতিমা তাসনীম সাভিহা (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগ।
আজকের সিলেট/এপি









