১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪২ AM

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৯:১০:৪৩ AM

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর


সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে থেমেছেন। তাই শহীদ আফ্রিদির সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড আপাতত অক্ষতই থাকল। তবে তাতে ইতিহাস গড়া থামেনি বৈভব সূর্যবংশীর। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৮১ রানের ইনিংস খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে দুটি নতুন বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের ১৫ বছর বয়সী এই ওপেনার।

হারারেতে ৪৮ বলে ৮১ রানের ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকান সূর্যবংশী। এই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই ৮০ বা তার বেশি রান করা প্রথম ক্রিকেটার হয়ে গেছেন তিনি।

এছাড়া ১৬ বছর হওয়ার আগেই একাধিক আন্তর্জাতিক ফিফটি করার প্রথম ক্রিকেটার হিসেবেও নাম লিখিয়েছেন সূর্যবংশী। কয়েক দিন আগেই নেপালের কুশল মাল্লার রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ফিফটির মালিক হয়েছিলেন তিনি।

এবার সেই কীর্তির সঙ্গে যোগ হলো আরও দুটি বিশ্বরেকর্ড। যদিও আর ১৯ রান করতে পারলেই ১৯৯৬ সালে ১৬ বছর ২১৭ দিন বয়সে শহীদ আফ্রিদির গড়া সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলতে পারতেন সূর্যবংশী, শেষ পর্যন্ত ওয়েসলি মাধেভেরের বলে লং-অফে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

তার ঝড়ো ইনিংসে ভর করে ভারত ৫ উইকেটে ১৯২ রান তোলে। জবাবে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৫৭ রানে থেমে গেলে ৩৫ রানের জয় নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করে ভারত।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর