চিঠি নিয়ে হাতেনাতে ধরার পর কী করেছিলেন পল্লবীর বাবা-মা?
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২২ PM

চিঠি নিয়ে হাতেনাতে ধরার পর কী করেছিলেন পল্লবীর বাবা-মা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০৯:৩৫:৪৪ AM

চিঠি নিয়ে হাতেনাতে ধরার পর কী করেছিলেন পল্লবীর বাবা-মা?


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। সম্প্রতি কলকাতায় নির্মাতা মণি রত্নমের সিনেমার শুটিং সেরেছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন বিজয় সেতুপতি। তবে রণবীর কাপুরের রামায়ণে সীতার লুকে তাক লাগিয়েছেন সাই। এরই মাঝেই নিজের জীবনের এক মজার গল্প শেয়ার করলেন দক্ষিণী এই তারকা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মৃতিচারণ করে সাই পল্লবী জানান, স্কুলে পড়ার সময় এক ছেলেকে প্রেমপত্র লিখতে গিয়ে বাবা-মায়ের কাছে হাতেনাতে ধরা পড়েন। এজন্য বেধড়ক মার খেয়েছিলেন তিনি।

কাকতালীয়ভাবে, তার অভিনীত ‘বিরাট পর্বম’ সিনেমায় ‘ভেন্নেলা’ চরিত্রে তাকে দেখা গেছে রানা দাগ্গুবাতির চরিত্র ‘রবি’-র কাছে ঝুঁকি নিয়ে একটি চিঠি পৌঁছে দেওয়ার চেষ্টা করতে।

বাস্তব জীবনে শৈশবের সেই অভিজ্ঞতার পর আর কখনই চিঠি লেখার সাহস পাননি সাই পল্লবী। নেটফ্লিক্সের উদ্যোগে ইউটিউব চ্যানেল ‘মাই ভিলেজ শো’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের জীবনের সেই স্মৃতি তুলে ধরেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে যখন সাই পল্লবীকে প্রশ্ন করা হয়, সিনেমাতে দেখানো চিঠিগুলো কি সত্যিই তার লেখা নাকি অভিনয়ের জন্য? উত্তরে অভিনেত্রী বলেন, ‘এই সিনেমায় পরিচালকের নির্দেশনায়ই আমি চিঠিগুলো লিখেছিলাম। কিন্তু বাস্তব জীবনে আমি কেবল একবারই চিঠি লিখেছিলাম। ছোটবেলায়, সম্ভবত সপ্তম শ্রেণীতে পড়ার সময় একটা ছেলেকে চিঠি লিখেছিলাম। কিন্তু ধরা পড়ে যাই। তারপর আমার বাবা-মা আমাকে খুব মেরেছিলেন।’

একই প্রশ্ন তার সহ-অভিনেতা রানা দাগ্গুবাতিকে করা হলে তিনি জানান, ছোটবেলায় কারামচেদুতে থাকা তার প্রয়াত দাদু তথা প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক দাগ্গুবাতি রামানাইডুকে তিনি একটি চিঠি লিখেছিলেন। রানা বলেন, ‘ছোটবেলায় কারামচেদুতে আমার দাদুকে একটা চিঠি লিখেছিলাম। ব্যস ঐ পর্যন্তই, তারপর আর কাউকে কখনও চিঠি লিখিনি।’

উল্লেখ্য, গত ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বিরাট পর্বম’ সিনেমাটি। তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর ১ জুলাই থেকে নেটফ্লিক্সে এর স্ট্রিমিং শুরু হয়। এতে সাই পল্লবী ও রানা দাগ্গুবাতি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ামণি, নন্দিতা দাস, নবীন চন্দ্র, জরিনা ওয়াহাব, ঈশ্বরী রাও এবং সাই চান্দ।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর