গোয়াইনঘাটে বালু তোলার বিরুদ্ধে সাড়ে ছয় ঘণ্টার অভিযান, ধ্বংস ২৭ ড্রেজার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ PM

গোয়াইনঘাটে বালু তোলার বিরুদ্ধে সাড়ে ছয় ঘণ্টার অভিযান, ধ্বংস ২৭ ড্রেজার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৪:৫০:১০ PM

গোয়াইনঘাটে বালু তোলার বিরুদ্ধে সাড়ে ছয় ঘণ্টার অভিযান, ধ্বংস ২৭ ড্রেজার


গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ অভিযানে ১০ জনকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি সম্পদেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানের সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এসব মেশিনের মধ্যে বোমা মেশিন ও লোকাল ড্রেজারও ছিল। ঘটনাস্থলেই মেশিনগুলো পুড়িয়ে ও ভেঙে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহর নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর