অপরাজিতা ফুলে ঘরেই বানান নীল ভাত, রইল সহজ রেসিপি
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ PM

অপরাজিতা ফুলে ঘরেই বানান নীল ভাত, রইল সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ১০:০৪:৫৫ AM

অপরাজিতা ফুলে ঘরেই বানান নীল ভাত, রইল সহজ রেসিপি


খাবারের স্বাদ পরিচিত হলেও পরিবেশনায় একটু ভিন্নতা আনলেই সাধারণ একটি পদ হয়ে উঠতে পারে বিশেষ আকর্ষণের। নীল অপরাজিতা ফুল ব্যবহার করে তৈরি ভাত বা পোলাও তেমনই একটি ব্যতিক্রমী পদ। দেখতে নজরকাড়া এই ভাত তৈরি করাও বেশ সহজ।

শুধু রান্নায় নয়, আয়ুর্বেদশাস্ত্রেও দীর্ঘদিন ধরে অপরাজিতা ফুলের ব্যবহার রয়েছে। এই ফুল দিয়ে তৈরি চা যেমন দৃষ্টিনন্দন, তেমনি এর প্রাকৃতিক নীল রং ব্যবহার করে ভাতেও আনা যায় ভিন্নমাত্রা। অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ কোনো আয়োজনে সাধারণ ভাতের বদলে এই নীল ভাত পরিবেশন করতে পারেন।

যা লাগবে

* পোলাও বা বাসমতি চাল — ১ কাপ

* তাজা অপরাজিতা ফুল — ১০-১৫টি

* লবণ — স্বাদমতো

* ঘি বা তেল — ১ চা চামচ

* পানি — পরিমাণমতো

যেভাবে রান্না করবেন

প্রথমে অপরাজিতা ফুলগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এরপর প্রতিটি ফুলের ভেতরের সবুজ অংশ বাদ দিন। এবার ফুলগুলো সামান্য গরম পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন।

কিছুক্ষণ পর ফুলের নীল রং পানিতে মিশে গেলে ফুলগুলো ছেঁকে আলাদা করে নিন। এভাবে তৈরি হবে নীল রঙের একটি নির্যাস, যা ভাতে রং আনতে ব্যবহার করা হবে। এদিকে পোলাও বা বাসমতি চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এরপর পাত্র বা রাইস কুকারে চাল নিয়ে তাতে তৈরি করা নীল পানি, স্বাদ অনুযায়ী লবণ এবং ১ চা চামচ ঘি বা তেল দিন।

চালের প্রয়োজন অনুযায়ী পানি ঠিক করে এবার রান্না শুরু করুন। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখুন। এতে ভাত ঝরঝরে হবে এবং নীল রংটিও সুন্দরভাবে ফুটে উঠবে। ব্যস, তৈরি হয়ে গেল অপরাজিতা ফুলের নীল ভাত। মাছ, মাংস কিংবা সবজির বিভিন্ন কারির সঙ্গে এটি পরিবেশন করা যেতে পারে।

নীল রং আরও সুন্দর করতে

অপরাজিতা ফুলের রং ভালোভাবে পেতে তাজা ও মানসম্মত নীল ফুল ব্যবহার করা ভালো। ফুল ভেজানোর সময় পানি যেন অতিরিক্ত গরম না হয়; সামান্য গরম পানিই যথেষ্ট। আপনি কতটা গাঢ় নীল রং চান, তার ওপর ফুলের পরিমাণ কিছুটা কম-বেশি করতে পারেন। বেশি গাঢ় রং পেতে ফুলের নির্যাস আরও ঘন করে নেওয়া যাবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর