ফিলিপাইনে ২৭টি নতুন শোরুম করবে ভিনফাস্ট, চুক্তি ১৩ ডিলারের সঙ্গে
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ PM

ফিলিপাইনে ২৭টি নতুন শোরুম করবে ভিনফাস্ট, চুক্তি ১৩ ডিলারের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ১১:০৯:৫৯ AM

ফিলিপাইনে ২৭টি নতুন শোরুম করবে ভিনফাস্ট, চুক্তি ১৩ ডিলারের সঙ্গে


ফিলিপাইনে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজার সম্প্রসারণের পরিকল্পনা আরও জোরদার করেছে ভিয়েতনামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভিনফাস্ট। দেশটির ১৩টি ডিলার প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রতিষ্ঠানটি। এর আওতায় দেশজুড়ে ২৭টি নতুন শোরুম গড়ে তোলা হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভিয়েতনামের হ্যানয় থেকে দেওয়া এক ঘোষণায় ভিনফাস্ট জানায়, নতুন শোরুমগুলো চালুর মাধ্যমে ফিলিপাইনে তাদের বৈদ্যুতিক গাড়ির বিক্রয় ও সেবা নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে। ২০২৬ সালের মধ্যে দেশটিতে মোট ৬০টি ডিলারশিপ গড়ে তোলার যে লক্ষ্য প্রতিষ্ঠানটি নিয়েছে, নতুন এই উদ্যোগকে তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, ২৭টি শোরুম ফিলিপাইনের তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে গড়ে উঠবে—উত্তরের লুজোন, মধ্যাঞ্চলের ভিসায়াস এবং দক্ষিণের মিনদানাও। এর ফলে মেট্রো ম্যানিলা ও সেবুর মতো গুরুত্বপূর্ণ নগরকেন্দ্রে ভিনফাস্টের উপস্থিতি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি কাগায়ান দে ওরো, টাকলোবান ও সুবিক বে-এর মতো সম্ভাবনাময় নতুন এলাকাতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম পৌঁছাবে।

নতুন শোরুমগুলো ভিনফাস্টের বৈশ্বিক মানদণ্ড অনুসারে তৈরি করা হবে। সেখানে আধুনিক পরিবেশে গ্রাহকেরা প্রতিষ্ঠানটির গাড়ি সম্পর্কে জানতে ও গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন। একই সঙ্গে বিক্রয় এবং বিক্রয়-পরবর্তী সেবাও পাওয়া যাবে এসব কেন্দ্রে।

ভিনফাস্টের নতুন শোরুম নেটওয়ার্ক তৈরিতে স্থানীয় ১৩টি প্রতিষ্ঠানের অংশীদারত্ব থাকছে। প্রতিষ্ঠানগুলো হলো—Elite North Auto Cars Inc., MG Gateway Mantrade Corp., Grand Canyon Multi Holdings Inc., Britannica United Motors Incorporated, VF Auto Sto Tomas Inc., GR8 Marketing Motors Inc., ARCMA Motors Corporation, Autonomics Motor Corp., Gershom Car Trading Corp., Areza Motor Sales Inc., Central Auto Resources Inc., Autolink Global Motors Inc. এবং Greenport Mobility Inc.

ভিনফাস্টের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অংশীদার প্রতিষ্ঠানের ফিলিপাইনের গাড়ি বিতরণ খাতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। স্থানীয় বাজার সম্পর্কে তাদের জ্ঞান, পরিচালন সক্ষমতা এবং বিস্তৃত নেটওয়ার্ক ভিনফাস্টের পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার সম্প্রসারণে ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশজুড়ে গ্রাহকদের কাছে বৈদ্যুতিক গাড়ি ও সংশ্লিষ্ট সেবা পৌঁছানো এবং সেবার মান বাড়াতেও সহায়তা করবে।

ভিনফাস্ট সাউথইস্ট এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Antonio Zara বলেন, ফিলিপাইন প্রতিষ্ঠানটির আঞ্চলিক ও বৈশ্বিক দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। সেখানে শুধু বিক্রয় নেটওয়ার্ক সম্প্রসারণ নয়, পণ্য, সেবা, অবকাঠামো এবং বৃহত্তর ইভি ইকোসিস্টেমকে কেন্দ্র করে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় অংশীদারদের সহযোগিতায় আগামী বছরগুলোতে ফিলিপাইনে ভিনফাস্টের কার্যক্রম আরও বিস্তৃত হবে। এর মাধ্যমে দেশটির গ্রাহকদের জন্য পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা আরও সহজলভ্য ও সুবিধাজনক করার লক্ষ্য রয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ‘For a Green Future’ উদ্যোগের আওতায় বৈদ্যুতিক গাড়ির একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তুলছে ভিনফাস্ট। ফিলিপাইনেও পণ্য, সেবা ও অবকাঠামোতে বিনিয়োগ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন মডেলের বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি গ্রাহক সহায়তা নীতিতেও গুরুত্ব দিচ্ছে ভিনফাস্ট। একই সঙ্গে V-Green ও স্থানীয় অংশীদারদের সহযোগিতায় বিক্রয়-পরবর্তী সেবা কেন্দ্র এবং চার্জিং অবকাঠামো সম্প্রসারণের ওপর জোর দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে ফিলিপাইনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং দেশটির পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর