শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ১০:০৬:৫৫ পূর্বাহ্ন

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬


হিমালয়ের তুষারঢাকা পাহাড়ি পথে আবারও মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা। ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়ার পর একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এতে থাকা পাইলট ও পাঁচ যাত্রীসহ ছয়জনের সবাই নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। উত্তরাখণ্ড রাজ্য পুলিশের বরাতে জানা গেছে, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি ‘হাতি পর্বত’ এলাকার কাছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে মারওয়ারি ব্রিজের কাছে জেপি পাওয়ার হাউসসংলগ্ন পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

নিহত ছয়জনই পুরুষ। তাঁদের নাম জানা গেছে। তাঁরা হলেন প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচ এস নটরাজ এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ‘ভিটি-এইচসিএক্স’ কল সাইনযুক্ত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশ্যে দুপুর ১টা ১৪ মিনিটে যাত্রা শুরু করে। জোশিমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে ট্র্যাকিং সিস্টেমেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের সব হেলিকপ্টারের চলাচল স্থগিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডের চার ধাম তীর্থের অন্যতম। হিমালয় অঞ্চলের এই তীর্থযাত্রার অন্য তিনটি গুরুত্বপূর্ণ স্থান হলো যমুনোত্রী, গঙ্গোত্রী ও কেদারনাথ। দুর্গম পাহাড়ি পথে তীর্থযাত্রীদের যাতায়াতে হেলিকপ্টার পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে গত কয়েক বছরে উত্তরাখণ্ডে একের পর এক হেলিকপ্টার দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। গত বছর ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার এক অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছিলেন, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশজুড়ে ১২টি বড় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯টিই উত্তরাখণ্ডে।

এর আগে ২০২২ সালের অক্টোবরে কেদারনাথে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হন। গত বছর মে ও জুন মাসে উত্তরকাশীতে পরপর দুটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। মাত্র ৪৫ দিনের ব্যবধানে ওই যাত্রাপথে পাঁচটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছিল, যার মধ্যে দুটি ছিল প্রাণঘাতী।

উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কথা উঠে এসেছে। তবে কিছু দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটিও দায়ী ছিল বলে জানা গেছে।

গত পাঁচ বছরে উত্তরাখণ্ডের বাইরে মহারাষ্ট্রে চারটি হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন এবং ছত্তীসগড়ে একটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর