মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার পর শুরু হয়েছিল সম্পর্কের গুঞ্জন। এরপর বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে বলিউড অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারিকে। তিন বছরের বেশি সময় ধরে তাঁদের প্রেমের আলোচনা চললেও কখনোই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি দুজন। এবার তাঁদের বিচ্ছেদের খবর সামনে এসেছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইব্রাহিম ও পলক। বিচ্ছেদের উদ্যোগ ইব্রাহিমের পক্ষ থেকেই এসেছে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করতে চান না তাঁরা।
প্রতিবেদনে উদ্ধৃত এক সূত্রের ভাষ্য, বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে সিদ্ধান্তটি বন্ধুত্বপূর্ণভাবেই নেওয়া হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি করতে চান না তাঁরা। আপাতত দুজনই নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দিতে চান।
বিচ্ছেদের প্রভাব তাঁদের পেশাগত পরিকল্পনাতেও পড়েছে বলে ওই সূত্রের দাবি। একসঙ্গে কয়েকটি শুটিংয়ের পরিকল্পনা ছিল ইব্রাহিম ও পলকের। সেগুলোর কয়েকটি বাতিল করা হয়েছে, আর কিছু অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে পলককে মুখ লুকাতে দেখা যায়। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন সময়ে একসঙ্গে ঘোরাঘুরি ও ছুটি কাটানোর খবর সেই গুঞ্জনকে আরও জোরালো করে।
পলক তিওয়ারি টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্যদিকে ইব্রাহিম আলী খান অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের ছেলে।
তবে সম্পর্কের গুঞ্জন কিংবা বিচ্ছেদের খবর কোনোটিই এখন পর্যন্ত ইব্রাহিম বা পলক নিজেরা প্রকাশ্যে নিশ্চিত করেননি। ফলে তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








