শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকতে পারেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১০:১১:৫৭ পূর্বাহ্ন

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকতে পারেন নেতানিয়াহু


ইসরায়েলের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট অর্ধেকের বেশি ভোট পেলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারেনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত সমঝোতা না হলে ইসরায়েলে আবারও নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে নতুন নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নেতানিয়াহু। অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট কোনো মেয়াদ নেই।

ইসরায়েলের সাংবিধানিক বিধি অনুযায়ী, নির্বাচনের পর রাজনৈতিক দল ও জোটের নেতারা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই প্রক্রিয়ায় সরকারপ্রধান হওয়ার সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করা হয়। এরপর তাঁকে সরকার গঠনের জন্য ৪২ দিন সময় দেওয়া হয়।

কোনো জোট নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন সরকার গঠন অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় নতুন নির্বাচনের প্রয়োজন হতে পারে। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট সরকার গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারলে পরবর্তী নির্বাচন পর্যন্ত নেতানিয়াহুর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ থাকবে।

বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ ভোট গণনার পর ইসরায়েলের তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে বলা হয়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী, অতি-ডানপন্থী ও অতি-অর্থোডক্স দলগুলোর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮ হতে পারে।

আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে এসব দলের সমর্থন ছাড়া আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের পথ কঠিন হয়ে পড়েছে। তবে অনেক ইহুদি রাজনৈতিক নেতা আরব ইসরায়েলি দলগুলোর সমর্থন নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।

ভোট গণনা শেষ না হওয়ায় আসনসংখ্যার পূর্বাভাসে পরিবর্তন আসার সুযোগ রয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে নেতানিয়াহুর বিরোধী জোটের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হলেও এখন পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।

সরকার গঠনের আলোচনা চলাকালে এবং প্রয়োজনে আগামী বছরের সম্ভাব্য নতুন নির্বাচন পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। অন্তর্বর্তী সরকারের ওপর কিছু সীমাবদ্ধতা থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের হাতে যথেষ্ট ক্ষমতা থাকে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো গাই লুরি বলেন, অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক ক্ষমতা সাধারণ সরকারের মতোই। তবে এ ধরনের সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংযম দেখানোর দায়িত্ব থাকে এবং কিছু বিষয়ে তাদের স্বাধীনতা সীমিত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ইরানের সঙ্গে যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে রাখতে পারে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর