ছবি: সংগৃহীত
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার ৪৪ রানে ভারতের কাছে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। ভারতের ছুঁড়ে দেওয়া ১৪৬ রানের লক্ষ্যে ৮ উইকেট হারিয়ে ১০১ রানে আটকে গেছে টাইগ্রেস নিগারের দল। দৃষ্টিকটুভাবে তিন তিনটি ক্যাচ মিস করে, ব্যাটিংয়ে অসহায় আত্মসমর্পণ করে নিজেদের ব্যর্থতার ছাপ স্পষ্ট করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধুমাত্র অধিনায়কের চাওয়া অনুযায়ী ১৫০ রানের ভিতর আটকে রাখাই ছিল একমাত্র সাফল্য।
ভারতের ছুঁড়ে দেওয়া ১৪৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে দিলারা আকতার (৪), ২৪ রানে সোবহানা মোস্তারী (৬), ৩১ রানে মুরশীদা খাতুন(১৩), ৩০ রানে ফাহিমা খাতুন (১) আউট হলে সেখানেই মূলত হেরে যায় বাংলাদেশ টাইগ্রেস দল। পরে রেনুকা সিংয়ের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের বেশি দূর যেতে দেয়নি তারা। ক্যারিয়ারের সপ্তম ফিফটিতে ম্যাচের সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন নিগার। কিন্তু বাংলাদেশের আর কেউই ১৫ ছুঁতে পারেননি।
এর আগে, রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও ভারত নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে এ ম্যাচে বাংলাদেশের সামনে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা।
টস জিতে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করে ভারতের মেয়েরা। তাতে অবশ্য অবদান ছিল বাংলাদেশের ফিল্ডারদেরও। বেশ কয়েকটি ক্যাচ ছেড়ে দেন তারা। সুলতানা খাতুনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্মৃতি মান্ধানার ক্যাচ ছেড়ে দেন ফারিহা তৃষ্ণা।
তার জন্য অবশ্য খুব লম্বা সময় ভুগতে হয়নি বাংলাদেশকে। পরের ওভারে বোলিংয়ে এসে ফারিহাই বোল্ড করেন স্মৃতি মান্ধানাকে। ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরত যান মান্ধানা। এরপর আবারও সুযোগ পায় ভারত। এবার আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা ওপেনার শেফালি ভার্মার ক্যাচ ছাড়েন সুলতানা খাতুন।
পাওয়ার প্লের শেষ ওভারটা দারুণ করছিলেন মারুফা। প্রথম পাঁচ বল থেকে কেবল এক রান দেন। ওই চাপ থেকে বের হতে শেষ বলে ছক্কা হাঁকাতে যান শেফালি। কিন্তু কাভারে উঠা তার ক্যাচ ছেড়ে দেন সুলতানা।
শেষ অবধি রাবেয়া খানের বলে ক্যাচ দিয়েই আউট হন শেফালি। ৩ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে আউট হন শেফালি। এরপর ইয়াস্তিকা ভাটিয়ার সঙ্গে ৩৩ বলে ৪৫ রানের জুটি গড়েন অধিনায়ক হারমানপ্রিত কৌর। এই জুটিতে ভর করে বড় ইনিংসের পথে হাঁটছিল ভারত।
তবে ছয় বলের ব্যবধানে তাদের দুজনকে ফিরিয়ে কিছুটা স্বস্তি পায় স্বাগতিকরা। শুরুতে ফাহিমা খাতুনের বলে এলবিডব্লিউ হন ২২ বলে ৩০ রান করা হারমান। পরের ওভারে এসে ২৯ বলে ৩৬ রান করা ইয়াস্তিকাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট পান রাবেয়া খাতুন।
তবে পরে রিচা ঘোষের ব্যাটে চড়ে দেড়শ রান পাড় করার আশাই দেখছিল ভারত। কিন্তু শেষ ওভারে দুর্দান্ত বল করেন মারুফা আক্তার। স্রেফ এক রান দিয়ে এই ওভারে তিনি নেন দুই উইকেট। ১৭ বলে ২৩ রান করা রিচাকেও আউট করেন তিনি। বল হাতে ৩ উইকেট নেন তরুণ লেগ স্পিনার রাবেয়া খাতুন।
আজকের সিলেট/ মিমো
মিজান মোহাম্মদ 








