সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান গ্রেফতার
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪১ AM

সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান গ্রেফতার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ০৯:৫৮:০৯ AM

সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান গ্রেফতার


গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক আটক হচ্ছেন সাবেক এমপি মন্ত্রীরা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির একটি সূত্র শাজাহান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন। শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

তিনি ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।  একই আসন থেকে পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়নে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন।

৩১শে জুলাই, ২০০৯ সালে নৌপরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নভেম্বর ২০১৩-তে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তাকে নৌপরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জানুয়ারি ২০১৪ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি শুধুমাত্র নৌপরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন।

তিনি ১৯৬৬-৬৭ এবং ১৯৬৭-৬৮ সালে মাদারীপুর উপবিভাগের ছাত্রলীগের নির্বাচিত সেক্রেটারি ছিলেন। এছাড়া তিনি নাজিমউদ্দিন কলেজের সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি ছিলেন।

শাজাহান খান একজন মুক্তিযোদ্ধা, তিনি ১৯৭১ সালে যুদ্ধের সময় প্রথমে মুক্তিবাহিনী এবং পরে মুজিব বাহিনীর সদস্য ছিলেন। তিনি ভারতের দেরাদূনে মিলিটারি ট্রেনিং নেন।

বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

আজকের সিলেট/ডি/এনই

সিলেটজুড়ে


মহানগর