শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেইভ ইয়ুথ বাংলাদেশ সাস্ট চ্যাপ্টারের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টায় সাস্ট রিসার্চ সেন্টারের কনফারেন্স কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সেইভ ইয়ুথ বাংলাদেশ সাস্ট চ্যাপ্টারের মডারেটর ড. জায়েদা শারমিন। কর্মশালাটি বিকাল ৫টা পর্যন্ত চলে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার একটিভিটিজে নিয়োজিত থাকা দরকার। সেইভ ইয়ুথ বাংলাদেশ শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা, মানবাধিকার রক্ষা ও নৈতিক নেতৃত্ব ইত্যাদি গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে। আশাকরি, ভবিষ্যতে এ সংগঠন এসব ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে নিজেদেরকে সে অনুযায়ী গড়ে তুলে দেশের কল্যাণে অবদান রাখবে।
দিনব্যাপী কর্মশালায় কোড অব কন্ডাক্ট, গণতন্ত্র ও মানবাধিকার, নৈতিক নেতৃত্ব, সংঘাত ও সহিংসতা, কমিউনিটি প্রয়োজনীয়তা শনাক্তকরণ এবং সেইভ অ্যাকশন প্রজেক্ট ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হয়। এতে আলোচক ছিলেন সেইভ ইয়ুথ বাংলাদেশের মাস্টার ট্রেইনার মো. মাজহার উদ্দিন ভূঁইয়া, নওশিন আনজুম, ইসরাত জাহান স্পৃহা ও রাফিয়া তাসনিম অর্পা।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে সেইভ ইয়ুথ বাংলাদেশে কাজ শুরু করে। এটি তরুণদের জন্য একটি ভিন্নধর্মী প্লাটফর্ম। এ সংগঠনটি শান্তির প্রচার, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতার প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করে। এছাড়া সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি। পাশাপাশি এটি শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ও সক্ষমতা উন্নয়নেও ভূমিকা রাখছে। সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইয়ুথ ফেলোশিপও প্রদান করে থাকে।
আজকের সিলেট/এসসিজে
শিক্ষাঙ্গণ ডেস্ক 








