হেডিংলিতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৮ PM

হেডিংলিতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৯:১৪:০৭ AM

হেডিংলিতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়


হেডিংলি টেস্টের নাটকীয় শেষ দিনে ইংল্যান্ড পেলো ঐতিহাসিক জয়। ভারতের দেওয়া ৩৭১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে ইংলিশরা। বেন ডাকেটের চোখধাঁধানো ১৪৯ রানের ইনিংসে ভর করে পাওয়া এই জয় ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া সাফল্য। মাত্র তিন বছর আগে ভারতের বিপক্ষেই এজবাস্টনে ৩৭৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে তাদের।

ডাকেটের ইনিংসটি যেন হেডিংলির বিখ্যাত সব ম্যাচের নায়কদের পাশে স্থান করে নিয়েছে—যেখানে আগে থেকে জায়গা করে আছেন ইয়ান বোথাম (১৯৮১), মার্ক বুচার (২০০১), শাই হোপ (২০১৭) ও বেন স্টোকস (২০১৯)।

জ্যাক ক্রলির সঙ্গে উদ্বোধনী জুটিতে ডাকেট যোগ করেন ১৮৮ রান। ক্রলি করেন ৬৫, ডাকেট তুলে নেন ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি। যদিও দুজনই একবার করে জীবন পেয়েছিলেন। তবে খেলার মোড় ঘুরে যায় যখন শার্দুল ঠাকুর টানা দুই বলে ফিরিয়ে দেন ডাকেট ও হ্যারি ব্রুককে। তখন ইংল্যান্ডের জয় থেকে দূরত্ব ১১৮ রান, ভারতের চোখে তখনও সম্ভাবনার ঝিলিক।

সেই চাপের মধ্যে দায়িত্ব তুলে নেন জো রুট ও অধিনায়ক বেন স্টোকস। তাদের ৪৯ রানের জুটি ইংল্যান্ডকে অনেকটা এগিয়ে দেয়, তবে রাবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে স্টোকস রিভার্স সুইপ করতে গিয়ে আউট হলে আবার টানটান উত্তেজনা।

শেষ ধাপে তরুণ জেমি স্মিথ মাঠে নেমে দেখান ধৈর্য্য ও দৃঢ়তা। রুটের সঙ্গে গড়েন অপ্রতিরোধ্য জুটি। ২২ রান বাকি থাকতে দ্বিতীয় নতুন বল হাতে পেলেও ভারতের আর কিছুই করার ছিল না। রুট ৫৩* ও স্মিথ ৪৪* রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

১৪ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড, ওভারপিছু রান রেট ছিল ৪.৫৫। এখন দুই দল আট দিনের বিরতিতে যাচ্ছে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২ জুলাই, এজবাস্টনে।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৭১ (শুভমান গিল ১৪৭, ঋষভ পন্ত ১৩৪, যশস্বী জয়সওয়াল ১০১) ও ৩৬৪ (লোকেশ রাহুল ১৩৭, পন্ত ১১৮; জশ টাং ৩–৭২)
ইংল্যান্ড: ৪৬৫ (অলি পোপ ১০৬, হ্যারি ব্রুক ৯৯, বুমরাহ ৫–৮৩)
ও ৩৭৩/৫ (বেন ডাকেট ১৪৯, জ্যাক ক্রলি ৬৫, জো রুট ৫৩*)
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী এবং পাঁচ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর