শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুদিনব্যাপী পুনর্মিলনী আগামী ২৩ থেকে ২৪ ফেব্রয়ারি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী পুনর্মিলনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শুক্রবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ডি-বিল্ডিং গ্রাউন্ড থেকে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এরপর সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ঘুরে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হবে।
দুদিনব্যাপী এ পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক সুরঞ্জিত ভূষণ দাস রায় জানান, প্রথম দিনের অনুষ্ঠান সূচিতে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা, চারাগাছ রোপণ, সাবেকদের স্মৃতিচারণ এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল সন্ধ্যা।
পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ মাহবুবুল হাকিম বলেন, দ্বিতীয় দিনে থাকবে বিভিন্ন খেলার পুরস্কার বিতরণী, সমাপনী অনুষ্ঠান এবং বিকেলে বিখ্যাত ব্যান্ড ভয়েস অফ মাইলসের শাফিন আহমেদের কনসার্ট।
উল্লেখ্য, বর্তমানে শাবিপ্রবি অর্থনীতি বিভাগের শিক্ষা কার্যক্রমে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে। এ বিভাগের শিক্ষার্থীবৃন্দ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে রেখে চলছেন মেধার স্বাক্ষর। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে চাকুরী করছেন এ বিভাগের অনেক শিক্ষার্থীবৃন্দ। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় রয়েছে এ বিভাগের ২০-এর অধিক শিক্ষার্থী। এ ছাড়াও দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপানসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাবেক শিক্ষার্থীবৃন্দ শিক্ষকতা করছেন। বর্তমানে বিভাগটির ১১ জন শিক্ষক বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। মেধার স্বাক্ষর হিসেবে এ বিভাগের শিক্ষার্থীবৃন্দ প্রধানমন্ত্রী স্বর্ণপদক, ইউজিসি অ্যাওয়ার্ডসহ উচ্চ শিক্ষায় বৃত্তি নিয়ে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করছেন।
আজকের সিলেট /ডেস্ক/বার্তা/ কে.আর
অর্থনীতি ডেস্ক 








