সিলেট ও আশপাশের এলাকায় ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলায়।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলা। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। সিলেট ও আশপাশের এলাকায় ৪ দশমিক ১ মাত্রার এ কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩২ মিনিটে সিলেটসহ আশপাশের এলাকায় ৪ দশমিক ০ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
তারও আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








