পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তারা হরতাল ডেকেছে, অথচ গাড়ি চলছে। বিএনপি জ্বালাও-পোড়াও করছে। এতে তেমন কিছু হবে না, হয়তো বা ৫ শতাংশ ক্ষয়ক্ষতি হতে পারে। বিএনপি তেমন কিছু করতে পারবে না।
রোববার সকাল সাড়ে ৯টায় নিজ এলাকার ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি একটি নিবন্ধিত দল, তারা নির্বাচনে আসেনি এটা তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপব্যবহার করেছে। বিএনপি নির্বাচনে আসুক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আসুক এটা আমরা চাই। কিন্তু তারা যে জ্বালাও পোড়াও অসদুপায় অবলম্বন করেছে সত্যিই দুঃখজনক।
মন্ত্রী বলেন, বিদেশিরা কে কি করল বা কে কি বলল এটা দেখার বিষয় না। যখন স্যাংশন দিবে তখন দেখা যাবে। আগে থেকে ভয় পাবার কিছুই নেই।
বাজার পরিস্থিতি নিয়ে এম এ মান্নান বলেন, বাজারে দাম আর বৃদ্ধি পাবে না। তবে আহামরি যে হুট করে কমে যাবে তাও না। ধীরে ধীরে বাজার নিয়ন্ত্রণে আসবে। আমনের ভাল ফসল হয়েছে৷ উৎপাদন ভাল হচ্ছে ধীরে ধীরে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে।
পরে তিনি তার নির্বাচনী এলাকা শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রের ভোটগ্রহণ পরিদর্শন করেন।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








