সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে ভিয়েতনামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ মার্চের সেই ম্যাচের ৫ দিন আগে দেশটিতে পৌঁছায় হাভিয়ের কাবরেরার দল। রোববার সেখানে প্রথম অনুশীলন সেশন করেছেন জামাল ভুঁইয়ারা।
ঈদের দিন ভিয়েতনামে পৌঁছালেও সেদিন রিকভারি সেশন করেই দিন পার করেছে বাংলাদেশ। গতকাল প্রথমবার মাঠের অনুশীলন সেরে ফুরফুরে জামাল, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিমরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় মিডফিল্ডার সোহেল রানা বলেন, 'আসলে আজকে (গতকাল) আমাদের প্রথম সেশন ছিল ভিয়েতনামে। শর্ট ছিল, তবে খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন ছিল। ভিয়েতনাম ম্যাচের জন্য এই সেশনটা খুবই দরকারি ছিল। আর সব মিলিয়ে বললে ভিয়েতনামের সঙ্গে কীভাবে ম্যাচ খেলবো ওই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে কোচ কাজ করছে। আশা করি ভিয়েতনাম ম্যাচের আগে আরও কয়েকটা সেশন আমরা এখানে পাবো। আমরা আমাদের সেরাটা দিব ওদের বিপক্ষে। সেটি সিঙ্গাপুর ম্যাচের আগে সহায়ক হবে।'
ভিডিও বার্তায় সোহেল রানার মতোই ফাহিম একই কথা বলেছেন। প্রথম সেশনটা তাঁদের জন্য দারুণ ছিল। এছাড়া ভিয়েতনামের আবহাওয়ার সঙ্গে খেলোয়াড়েরা সবাই মানিয়ে নিচ্ছেন বলেও জানান এই ফরোয়ার্ড।
প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেন, 'আমরা ঢাকায় মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। এখন ম্যাচের আগে হয়ত তিনটি সেশন পাবো। তবে আমাদের কিছু কৌশল চলমান একটা প্রক্রিয়ার অংশ, যা আমরা দীর্ঘ সময় ধরে করে আসছি। এখন শুধু ছোটখাটো সমন্বয় প্রয়োজন, তার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে।'
ভিয়েতনামে ২৬ মার্চ ম্যাচ খেলে পরদিন সেখান থেকেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। অ্যাওয়ে ম্যাচে ৩১ মার্চ সিঙ্গাপুরকে মোকাবিলা করবেন জামাল ভুঁইয়ারা।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








