পর্তুগিজ সমর্থকদের জন্য আনন্দের খবরই বটে। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে আজ রোনালদোকে শুরুর একাদশে নামানোর ইঙ্গিত দিয়েছেন আল নাসর কোচ জর্জ জেসুস।
গত ২৮ ফেব্রুয়ারি আল ফায়হার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন রোনালদো। এই চোটের কারণে আল নাসরের সবশেষ তিনটি ম্যাচ এবং পর্তুগালের হয়ে গত মাসে দুটি প্রীতি ম্যাচে ছিলেন না তিনি।
দীর্ঘ এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার পর গত মঙ্গলবার আল নাসরের অনুশীলনে ফেরেন রোনালদো। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল নাসর কোচ বলেন, ‘আজ আমাদের একটি অনুশীলন সেশন আছে এবং সেখানে ক্রিস্তিয়ানো বলে আশা করা হচ্ছে।’
এরপর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোনালদোর অনুশীলনের ছবি ও ভিডিও প্রকাশ করেছে আল নাসর। যেখানে বেশ হাস্যোজ্জ্বল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে আল নাসর তারকাকে।
রোনালদোর ফেরার বিষয়টি জানিয়ে ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ইনস্টাগ্রামে লেখেন, ‘চোটের কারণে এক মাস মাঠের বাইরে থাকার পর রোনালদোকে দলে ডাকা হয়েছে এবং তিনি আজ খেলার জন্য প্রস্তুত আছেন।’
মার্চের শুরুতে গোড়ালিতে চোট পাওয়া সাদিও মানেও আজ ফিরছেন। বর্তমানে ২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা ৩ পয়েন্টে এগিয়ে আছে।
আল নাসর ও আল নাজমোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








