৩৯তম জন্মদিনে কেক কাটার উৎসব সেরে মাঠে নেমে নিজেই নিজেকে উপহার দিলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলেছেন তিনি। যদিও ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি মুশফিক। আউট হয়েছেন ৭১ রানে।
শনিবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামার আগে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হন। কেক কেটেই ব্যাটিংয়ে নামেন ৪৮ রান নিয়ে। আগের দিন ১০৪ বল খেলা মুশফিককে ফিফটি স্পর্শ করতে আরও ১০ বল খেলতে হয়েছে।
মুশফিকের জন্মদিনে সরাসরি কিংবা মাঠের বাইরে থেকে অনেক সতীর্থ শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে একজন তাওহীদ হৃদয়। মুশফিককে আইডল মেনেই ক্রিকেটার হয়ে ওঠা তাওহীদ ফেসবুকে লিখেছেন, 'স্বপ্নের শুরুটা ভাইকে দেখেই। ছোটোবেলায় স্টেডিয়ামের গ্রিলে দাঁড়িয়ে দেখা থেকে একসাথে ড্রেসিংরুম শেয়ার করা। গল্পটা আরও অনেক দূর চলুক। আল্লাহ আপনাকে আমার জীবনে আরও অনেক বছর এভাবেই সাফল্যের সাথে রাখুক। শুভ জন্মদিন ভাই।'
সকালে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়ে মাঠে নামা মুশফিকের বিকেলটা কেটেছে আরও ভালোভাবে। দিনের খেলা শেষ হওয়ার পর স্ত্রী, সন্তান, বাবা-মাকে পাশে রেখে ড্রেসিংরুমের সামনে কেক কেটে জন্মদিন উদযাপন করেন মুশফিক। মুশফিকের ৩৯তম জন্মদিন উপলক্ষে স্ত্রী মন্ডি বিশেষ কেক নিয়ে মাঠে হাজির হন।
দারুণ একটি দিন কাটিয়ে মুশফিক আবেগাপ্লুত বার্তা দিয়েছেন। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, 'চারদিক থেকে যে পরিমাণ ভালোবাসা আমার জন্মদিন উপলক্ষে আমি পেয়েছি তাতে অভিভূত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা প্রকাশ করেছেন তাদেরকে। আপনাদের ভালোবাসা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।'
শেষে আরও লেখেন, 'আপনারা আমাকে যেভাবে সমর্থন জানিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। আপনাদের দোয়াকে সঙ্গী করে দারুণ সব স্মৃতি নিয়ে আরো একটি বছর পার করবো ইনশাআল্লাহ। এই যাত্রায় আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।'
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








