আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে থাকলেও শুরুতেই শঙ্কার নাম বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ও আশেপাশের এলাকায় ভোররাত থেকেই একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। ফলে সঠিক সময়ে টস ও খেলা শুরু হবে কী না তা নিয়ে শঙ্কা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচের বিভিন্ন সেশনেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা খেলার গতি ও ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।
তবে বৃষ্টির শঙ্কার মাঝেও আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। কারণ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ ১০৪ রানের জয় পায় এবং দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
প্রথম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪১৩ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১০১ রান, আর মুমিনুল হক খেলেন ৯১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। জবাবে পাকিস্তান করে ৩৮৬ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৪০/৯ রান তুলে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। কিন্তু শেষ ইনিংসে বাংলাদেশের পেসারদের দাপটে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। তরুণ পেসার নাহিদ রানা ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে যান।
বিশেষ করে শেষ দিনের বোলিং আক্রমণে বাংলাদেশ ছিল দুর্দান্ত। তাকসিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে ফেলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেয়। এই জয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের রেকর্ডও গড়ে বাংলাদেশ।
আজকের ম্যাচে তাই বাংলাদেশের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা, আর পাকিস্তান চাইবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরাতে। তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্যে সবচেয়ে বড় প্রভাবক হয়ে দাঁড়াতে পারে সিলেটের বৃষ্টি।
আজকের সিলেট/ মিমো
মিজান মোহাম্মদ 








