ব্রিটেনের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ব্রিক লেনকে ঘিরে গড়ে ওঠা বাংলা টাউন আজ ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এক অনন্য প্রতিচ্ছবি। অভিবাসনের দীর্ঘ পথ পেরিয়ে গড়ে ওঠা এই এলাকা এখন শুধু বাংলাদেশিদের বসতি নয়; বরং লন্ডনের বহুসাংস্কৃতিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।
সিলেটি অভিবাসীদের হাত ধরেই বাংলা টাউনের পথচলার সূচনা। উনিশ শতকের শেষভাগ থেকে সিলেট অঞ্চলের নাবিকরা ব্রিটেনে আসতে শুরু করেন। পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের শ্রমবাজারে কর্মীর চাহিদা বাড়লে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ যুক্তরাজ্যে পাড়ি জমান। তাদের বড় একটি অংশ পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় বসতি স্থাপন করেন। সময়ের সঙ্গে সেখানে গড়ে ওঠে শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা টাউন প্রবাসী বাংলাদেশিদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারণা, জনমত গঠন এবং বিভিন্ন সহায়তা কার্যক্রমে এখানকার প্রবাসীরা সক্রিয় ভূমিকা পালন করেন। ব্রিটেনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলনের ইতিহাসে বাংলা টাউনের এই অবদান আজও বিশেষভাবে স্মরণীয়।
বাংলা টাউন শুধু রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের সাক্ষী নয়, এটি বর্ণবাদবিরোধী আন্দোলনেরও গুরুত্বপূর্ণ একটি স্থান। ১৯৭৮ সালে বাংলাদেশি তরুণ আলতাব আলী বর্ণবাদী হামলায় নিহত হওয়ার পর পূর্ব লন্ডনে ব্যাপক প্রতিবাদ গড়ে ওঠে। তাঁর স্মৃতিতে প্রতিষ্ঠিত আলতাব আলী পার্ক এখনো সম্প্রীতি, সমতা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে পরিচিত।
ব্রিক লেনের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচিতি তৈরি হয়েছে বাংলাদেশি ব্যবসা ও রেস্তোরাঁ শিল্পের মাধ্যমে। দীর্ঘদিন ধরেই এলাকাটি ব্রিটেনের ‘কারি ক্যাপিটাল’ হিসেবে পরিচিত। বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালিত রেস্তোরাঁ, দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বাংলা টাউনকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করেছে।
ব্রিটিশ-বাংলাদেশি তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাংবাদিক মো. মাসুদুর রহমান বলেন, বাংলা টাউন আমাদের জন্য শুধু ব্যবসার জায়গা নয়, এটি আমাদের ঐতিহ্য ও মিলনের কেন্দ্র। এখানে আমরা আমাদের ভাষা, সংস্কৃতি ও শেকড়কে ধরে রাখার সুযোগ পাই। একইসঙ্গে এটি ব্রিটিশ সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করেছে।
প্রবাসী বাংলাদেশিদের বহু বছরের পরিশ্রমের ফলেই আজ বাংলা টাউন একটি পরিচিত নাম হয়ে উঠেছে। নতুন প্রজন্মের জন্য এটি শুধু একটি এলাকা নয়, বরং তাদের পরিচয় ও ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ স্থান। বাংলা টাউনে দীর্ঘদিন ধরে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা হয়ে আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা নববর্ষ, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে নিয়মিত আয়োজন করা হয়। বাংলা স্কুল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এলাকার সামাজিক বিকাশেও ইস্ট লন্ডন মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও কমিউনিটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি এসব প্রতিষ্ঠান শিক্ষা, সমাজসেবা ও কমিউনিটি উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সময়ের সঙ্গে বাংলা টাউন থেকে উঠে আসা নতুন প্রজন্ম ব্রিটিশ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। রাজনীতি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, আইন ও গণমাধ্যমে ব্রিটিশ-বাংলাদেশিদের অংশগ্রহণ এই সম্প্রদায়ের অগ্রযাত্রারই প্রমাণ বহন করছে।
নগরায়ন ও আধুনিকায়নের ফলে ব্রিক লেনের চেহারায় নানা পরিবর্তন এলেও বাংলা টাউন এখনো তার ঐতিহাসিক পরিচয় ধরে রেখেছে। ভাষা, সংস্কৃতি, খাবার এবং কমিউনিটির পারস্পরিক বন্ধনের মধ্য দিয়ে এলাকাটি আজও লন্ডনের বুকে বাংলাদেশের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে আছে।
আজকের সিলেট/ জেকেএস
প্রবাস জীবন ডেস্ক 








