কারাগারে ইমরান খান জীবিত না মৃত?
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ PM

কারাগারে ইমরান খান জীবিত না মৃত?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ১০:৪৪:২৪ AM

কারাগারে ইমরান খান জীবিত না মৃত?


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ খবরকে সম্পূর্ণ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দী রয়েছেন।

যেভাবে ছড়াল মৃত্যুর গুঞ্জন
যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের দুটি ভিডিও প্রতিবেদনকে কেন্দ্র করে ইমরান খানের মৃত্যুর গুঞ্জনের সূত্রপাত হয়। ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামের ওই ভিডিওতে ওয়াজাহাত দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে তাঁর কথা হয়েছে।

ওই কর্মকর্তাদের উদ্ধৃত করে তিনি বলেন, ইমরান খান আদৌ জীবিত আছেন কি না, তা নিয়ে সেনাবাহিনীর ভেতরেও উদ্বেগ রয়েছে।

ভিডিও দুটি প্রকাশের পর খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পিটিআইয়ের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।

তবে পরে সাংবাদিক ওয়াজাহাত নিজেই স্পষ্ট করেন, ইমরান খানের মৃত্যুর কোনো সুনির্দিষ্ট প্রমাণ তাঁর কাছে নেই। তাঁর সূত্রগুলো মূলত ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে অতিরিক্ত গোপনীয়তার কারণে তৈরি হওয়া উদ্বেগের কথাই জানিয়েছিল।

আইএসপিআরের দাবি
গুজব ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে বক্তব্য দেয়। তারা ইমরান খানের মৃত্যুর খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করে।

আইএসপিআর নিশ্চিত করে, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দী রয়েছেন।

ইমরানের স্ত্রী বুশরা বিবির পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলোও তাঁর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত এক সাক্ষাৎ পর্বে পরিবারের সদস্যদের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। সেখানে ইমরান খানকে নিজের পায়ে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে।

স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ
মৃত্যুর গুঞ্জন আপাতত থামলেও ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে পিটিআই নেতাদের উদ্বেগ কাটেনি। দলটির নেতারা দাবি করেছেন, ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের যেন অবাধে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।

পিটিআই নেতারা বলছেন, কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় নানা ধরনের গুঞ্জন তৈরি হচ্ছে। তাই তাঁর চিকিৎসা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

দলটি হুঁশিয়ারি দিয়েছে, ইমরান খানের নিরাপত্তা ও চিকিৎসার বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে দলটির কর্মী-সমর্থকদের রাওয়ালপিন্ডিমুখী মিছিলের প্রস্তুতির কথাও জানিয়েছেন নেতারা।

আইনজীবীরা সুপ্রিম কোর্টে
এরই মধ্যে পিটিআইয়ের আইনজীবীরা পাকিস্তানের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছেন। তারা ইমরান খানের চিকিৎসাসুবিধা নিশ্চিত করার পাশাপাশি কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।

ফলে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন আইএসপিআর ও ঘনিষ্ঠ সূত্রের বক্তব্যে আপাতত ভিত্তিহীন প্রমাণিত হলেও তাঁকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা কমেনি। তাঁর স্বাস্থ্য, নিরাপত্তা ও কারাগারে সাক্ষাতের সুযোগ নিয়ে পিটিআইয়ের দাবির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর