মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কের পাশ থেকে বিশাল আকৃতির একটি সেগুন গাছ কেটে নিয়ে গেছে চোরচক্র। সোমবার ভোরে জানকিছড়া সংলগ্ন শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশ থেকে গাছটি চুরি হয়।
সূত্র জানিয়েছে, চুরি হওয়া সেগুন গাছটির বেড় প্রায় ৭ ফুট। এর আনুমানিক বাজারমূল্য লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। মূল্যবান এই গাছ পাচারের ঘটনায় বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের অভিযোগও উঠেছে।
স্থানীয় এক পথচারী জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভানুগাছ বাজার এলাকা দিয়ে একটি হলুদ রঙের ‘ডায়না’ ট্রাককে দ্রুতগতিতে উপজেলা চৌমুহনীর দিকে যেতে দেখেন তিনি। তেরপল দিয়ে ঢাকা ট্রাকটির ওপর লাল গেঞ্জি পরা একজন ব্যক্তি বসেছিলেন। ট্রাকটির সামনে মোটরসাইকেলে করে দুজনকে পাহারা দিতে দেখা যায় বলেও জানান ওই পথচারী।
এদিকে বন বিভাগ সূত্র বলছে, সোমবার রাতে জানকিছড়া গেটে দায়িত্ব পালন করছিলেন সিপিজি সদস্য বাবুল। পাশাপাশি লাউয়াছড়া প্রধান ফটকে বিট কর্মকর্তা নিজে টহল পুলিশের একটি দল নিয়ে ভোর সাড়ে ৫টা পর্যন্ত অবস্থান করছিলেন।
এমন নিরাপত্তার মধ্যেও কীভাবে সড়কের পাশ থেকে গাছটি কেটে নিয়ে যাওয়া হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গাছ চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরি হওয়া মূল্যবান সেগুন কাঠ উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এই চুরির সঙ্গে বন বিভাগের ভেতরের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








