সন্ন্যাসীর ছদ্মবেশেও রক্ষা নেই, সিলেটে গ্রেপ্তার ‘মাছচোরা রাজীব’
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ PM

সন্ন্যাসীর ছদ্মবেশেও রক্ষা নেই, সিলেটে গ্রেপ্তার ‘মাছচোরা রাজীব’

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১০:২৯:১৩ AM

সন্ন্যাসীর ছদ্মবেশেও রক্ষা নেই, সিলেটে গ্রেপ্তার ‘মাছচোরা রাজীব’


দীর্ঘদিন আত্মগোপনে থেকেও পুলিশের নজর এড়াতে পারলেন না সিলেটের শীর্ষ ছিনতাইকারী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীব’। পরিচয় গোপন রাখতে সন্ন্যাসীর ছদ্মবেশ নিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) যৌথ একটি দল। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কাষ্টঘর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম এবং ডিবি সিআরটি স্পেশাল টিমের ইনচার্জ এসআই (নিঃ) মিজানুর রহমান। অভিযানে পুলিশের একটি দলও অংশ নেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজীব কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-২৪(৮)২৬-এর (পুলিশ এসল্ট) এজাহারনামীয় প্রধান আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, দস্যুতার দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ পাঁচটিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে নিজের অবস্থান গোপন করে আসছিলেন রাজীব। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় পরিচয় আড়াল করতে নানা ধরনের ছদ্মবেশও নিতেন তিনি। সম্প্রতি পুলিশের চোখ এড়াতে সন্ন্যাসীর বেশ ধারণ করেছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর যৌথ অভিযান চালায় পুলিশ। অভিযানে রাজীবকে আটক করা হয় এবং তার কাছ থেকে সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, রাজীব নগরীর একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের মামলা থাকায় দীর্ঘদিন ধরেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরীর নিরাপত্তা নিশ্চিত ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীরা আত্মগোপনে থাকতে যত কৌশলই ব্যবহার করুক, তাদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা চলবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর