বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, সাক্ষরতার লক্ষ্য শুধু পড়তে ও লিখতে শেখানো নয়; দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মৌলিক জ্ঞান কাজে লাগানোর সক্ষমতাও তৈরি করা।
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সিলেটে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এখনো যারা সাক্ষরতার বাইরে রয়েছেন, তাদের শিক্ষা কার্যক্রমের আওতায় আনা সবার দায়িত্ব। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধরে রাখা এবং ঝরে পড়া রোধ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, অভিভাবকদের বারবার আহ্বান জানানোর পরও বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে তাদের উপস্থিতি কম থাকে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভূমিকা রাখতে হবে।
শিক্ষার সঙ্গে মাদকাসক্তি প্রতিরোধের বিষয়টিও ঘনিষ্ঠভাবে জড়িত উল্লেখ করে আবদুল্লাহ আল মামুন বলেন, বিদ্যালয় থেকে ঝরে পড়ে বা লেখাপড়ার বাইরে থাকলে শিশু-কিশোররা নানা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই সন্তান কোথায় যাচ্ছে, কী করছে এবং তার শিক্ষাজীবন ঠিকমতো চলছে কি না, সেদিকে অভিভাবকদের নজর রাখা প্রয়োজন। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা ও ঝরে পড়া ঠেকাতে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাক্ষরতার বর্তমান পরিস্থিতি তুলে ধরে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার ৫৫/৫৬ বছর পরও বাংলাদেশ শতভাগ শিক্ষিত হতে পারেনি। অথচ শ্রীলঙ্কায় একশত ভাগ শিক্ষার হার রয়েছে। তিনি বলেন, আমাদের দেশ মুসলিম দেশ এবং আল কোরআনের প্রথম নির্দেশ হলো ‘পড়’। এরপরও আমরা তা ঠিকমতো অর্জন করতে পারিনি। অন্যদিকে শ্রীলঙ্কা মুসলিম দেশ না হয়েও তা করতে পেরেছে। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








