রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ শিবিরে নিহত প্রায় ৫ লাখ: যুক্তরাজ্যের সেনাপ্রধান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ PM

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ শিবিরে নিহত প্রায় ৫ লাখ: যুক্তরাজ্যের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৯:১২:৩৯ AM

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ শিবিরে নিহত প্রায় ৫ লাখ: যুক্তরাজ্যের সেনাপ্রধান


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষ রয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও প্রায় ১৫ লাখ।

শুক্রবার সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এই তথ্য জানান ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাজ্যের সেনাপ্রধান। তিনি বলেন, যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ শিবিরে প্রায় ৫ লাখ প্রাণহানি ঘটেছে।

রিচ নাইটনের ভাষ্য অনুযায়ী, নিহত ও আহতদের বড় অংশই রুশ সামরিক বাহিনীর সদস্য। তাঁর দাবি, নিহতের সিংহভাগ ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে।

এত বিপুল প্রাণহানির বিপরীতে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে বলেও উল্লেখ করেন যুক্তরাজ্যের সেনাপ্রধান।

রিচ নাইটন বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের চেষ্টায় মানুষের জীবন কীভাবে অর্থহীনভাবে এবং বৃথা নষ্ট হচ্ছে, নিহতের এই সংখ্যা তারই প্রতিফলন।

তিনি আরও বলেন, এই পরিসংখ্যানের অর্থ হলো রাশিয়ার অন্তত ৫ লাখ পরিবারের ঘরে নিহত সেনাদের ছবি রয়েছে। এসব পরিবারের বাবা, ভাই, ছেলে কিংবা স্বামী আর কখনো তাঁদের কাছে ফিরে আসবেন না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই হতাহত নিয়ে দুই পক্ষের পাশাপাশি তাদের মিত্র দেশগুলো বিভিন্ন সময়ে পৃথক পরিসংখ্যান প্রকাশ করে আসছে। যুক্তরাজ্যের সেনাপ্রধানের সর্বশেষ বক্তব্যে রুশ শিবিরের প্রাণহানির ব্যাপকতার বিষয়টি আবারও সামনে এসেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর