নাটকে ফিরলেন সিনেমার সভাপতি
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ PM

নাটকে ফিরলেন সিনেমার সভাপতি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৪:৪৭:১৯ AM

নাটকে ফিরলেন সিনেমার সভাপতি


নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অভিনয় ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) নামের সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। এবার তাকে দেখা যাবে টেলিভিশন নাটকের অভিনয়ে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত নাটক ‘রূপান্তর’। সুজাত শিমুলের রচনায় নাকটির নির্দেশনা দিয়েছেন শুভ্র আহমেদ। প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।

ইলিয়াস কাঞ্চন আগেও যে টিভি নাটকে অভিনয় করেননি, তা নয়। তবে শেষ কবে কোন নাটকে অভিনয় করেছেন সেটি অভিনেতা নিজেও মনে করতে পারছেন না। সে হিসেবে দীর্ঘদিন পর কোনও টিভি নাটকে দেখা যাবে এই অভিনেতাকে।

নাটকের গল্পে দেখা যাবে, কামরান আহমেদ একজন অবসরবপ্রাপ্ত সরকারি কর্মচারী। দুই ছেলে, এক মেয়ে আর বড় ছেলের বউ রেহানা ও নাতনী অরিনকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর তার ভীষণ আক্ষেপ। কারণ কারোর মধ্যে কোনো শৃঙ্খলা নেই।

তিনি সব সময় ভাবতেন পরিবারের সবাইকে যদি শৃঙ্খলায় নিয়ে আসতে পারতেন! কিন্তু তা কী করে সম্ভব! এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের দৃশ্য। নির্মাতার ভাষ্য, আধুনিক ঢাকা শহরের পরিবারগুলোতে বাবার শাসন না থাকলে সেই পরিবারের সদস্যদের যে অবস্থা হয় তারই চিত্র দেখানো হয়েছে এ নাটকে।

এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নুপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার।

আজকের সিলেট/২ ফেব্রুয়ারী/বিএন/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর