আগামী শনি ও রোববার হরতালের সমর্থনে নগরীর আম্বরখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় মিছিল থেকে সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী ও সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু সহ ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বাদ জুমা মহানগরীর আম্বরখানা এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, জুমআর নামাজের পর নগরীর আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে বিএপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও পরে মিছিলের প্রস্তুতি নেন। এসময় পুলিশ বাধা দেয় পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক কার হয়েছে।
আজকের সিলেট/ডি/ এসটি
নিজস্ব প্রতিবেদক 








