চীনের সাংহাইতে শুরু হওয়া আর্চারি বিশ্বকাপ স্টেজ-২ এর প্রথম দিনটি বাংলাদেশ দলের জন্য ছিল জয় ও পরাজয়ের এক মিশ্র অনুভূতির। কম্পাউন্ড ইভেন্টের একক লড়াইয়ে ঐশ্বর্য্য রহমান ও তানিয়া রীমা দারুণ জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডে পা রাখলেও, শুটআউটের রোমাঞ্চকর লড়াইয়ে হৃদয়ভাঙা হার নিয়ে বিদায় নিতে হয়েছে হিমু বাছাড়কে।
পুরুষদের কম্পাউন্ড একক ইভেন্টে দেশের হয়ে আলো ছড়িয়েছেন ঐশ্বর্য্য রহমান। প্রথম রাউন্ডের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেক্সিকোর হুয়ান কার্লোস দেল রিও গুতেরেজকে ১৪৫-১৪৪ স্কোরের শ্বাসরুদ্ধকর ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তিনি।
তবে ভাগ্য সহায় হয়নি হিমু বাছাড়ের। নেদারল্যান্ডসের নিকলাস ব্রিডাল ব্রাইল্ডের সঙ্গে মূল পর্বে লড়াই করে ১৪৩-১৪৩ স্কোরে ড্র করেন তিনি। ম্যাচ গড়ায় শুটআউটে। উত্তেজনায় ঠাসা সেই শুটআউটের প্রথম তীরেও সমতা থাকে। কিন্তু দ্বিতীয় তীরের লড়াইয়ে ৮-১০ ব্যবধানে পিছিয়ে পড়ে হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় হিমুকে।
অন্যদিকে, আরেক বাংলাদেশি আর্চার নেওয়াজ আহমেদ রাকিব ১৪৩-১৪৭ স্কোরে কাজাখস্তানের বুনোদ মির্জামেতোভের কাছে হেরে গেছেন। নারী একক কম্পাউন্ডে অবশ্য সুখবর দিয়েছেন তানিয়া রীমা। হংকং চায়নার হ্যাং টিং চেংকে ১৩৯-১৩৪ স্কোরের দাপুটে ব্যবধানে হারিয়ে অনায়াসেই পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া বন্যা আক্তার প্রথম রাউন্ডে 'বাই' পেয়ে সরাসরি ১/২৪ খেলায় উন্নীত হয়েছেন।
তবে নারীদের ইভেন্টেও ছিল হতাশার খবর। সিঙ্গাপুরের এলি টেং টেং লোয়ের বিপক্ষে দারুণ লড়াই করেও ১৪০-১৪২ স্কোরের ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে গেছেন পুষ্পিতা জামান।
প্রথম দিনের মিশ্র অভিজ্ঞতার পর আগামীকাল মাঠে গড়াচ্ছে রিকার্ভ ডিভিশনের খেলা। পাশাপাশি কম্পাউন্ডের পরবর্তী রাউন্ডের লড়াইয়েও নামবেন বাংলাদেশের তীরন্দাজরা। সেখানে বাংলাদেশের প্রতিযোগীরা কেমন পারফর্ম করেন, এখন সেদিকেই চোখ থাকবে সবার।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








