লা লিগার শিরোপা নিশ্চিত করার পর প্রথম ম্যাচে প্রত্যাশিত ছন্দে দেখা গেল না বার্সেলোনাকে। প্রতিপক্ষের দেওয়া ‘গার্ড অব অনার’ গ্রহণ করলেও মাঠের খেলায় সেই মর্যাদা ধরে রাখতে পারেনি হান্সি ফ্লিকের দল। শেষ পর্যন্ত আলাভেসের মাঠ থেকে হার নিয়েই ফিরতে হয়েছে নবমুকুটধারী কাতালানদের।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় আলাভেস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করা ইব্রাহিম দিয়াবাতের একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
গত রোববার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। তবে সেই জয়ের ধার এদিন আর ধরে রাখা হয়নি। লিগে টানা ১১ ম্যাচ জয়ের পর এই প্রথম পরাজয়ের মুখ দেখল তারা। চলতি মৌসুমে এটি বার্সার পঞ্চম হার।
ম্যাচে বলের দখল বেশি থাকলেও আক্রমণে ছিল না ধার। পুরো ম্যাচে একবারও লক্ষ্যে শট নিতে পারেননি রবার্ট লেভানদোভস্কি, দানি ওলমোরা। প্রথমার্ধে ছয়টি এবং দ্বিতীয়ার্ধে দুটি শট নিলেও কোনোটিই গোলমুখ খুঁজে পায়নি।
অন্যদিকে আলাভেস তুলনামূলক কম সুযোগ তৈরি করেও কার্যকর ফুটবল খেলেছে। তাদের নেওয়া ৯টি শটের মধ্যে তিনটি ছিল লক্ষ্যে, যার একটিই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
এই হারের ফলে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার সম্ভাবনাও শেষ হয়ে গেছে বার্সেলোনার। ৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে আলাভেসের জন্য জয়টি ছিল বাঁচা-মরার লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ। এই তিন পয়েন্টে অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে তারা। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৫তম স্থানে আছে দলটি। তাদের ঠিক নিচের চারটি দলের পয়েন্ট ৩৯ করে, ফলে লিগে টিকে থাকার লড়াইয়ে জমে উঠেছে নতুন উত্তেজনা।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








