বিদায়ের দিনে রেকর্ড সালাহর, হার দিয়ে শেষ গার্দিওলার সিটি
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৬ PM

বিদায়ের দিনে রেকর্ড সালাহর, হার দিয়ে শেষ গার্দিওলার সিটি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ১০:১২:৫০ AM

বিদায়ের দিনে রেকর্ড সালাহর, হার দিয়ে শেষ গার্দিওলার সিটি


ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনটা হয়ে থাকল বিদায়, আবেগ আর হিসাব মেলানোর দিন। অ্যানফিল্ডে লিভারপুলের জার্সিতে শেষবার মাঠে নামলেন মোহামেদ সালাহ। ইতিহাদে শেষ হলো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি অধ্যায়। দুই বিদায়ের গল্পে ফল অবশ্য একরকম হয়নি। লিভারপুল ড্র করে নিশ্চিত করল চ্যাম্পিয়ন্স লিগের টিকিট, আর অ্যাস্টন ভিলার কাছে হেরে মৌসুম শেষ করল সিটি।

অ্যানফিল্ডে রোববার ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিভারপুল। ম্যাচের ৭৪তম মিনিটে সালাহকে তুলে নেওয়ার সময় দাঁড়িয়ে অভিবাদন জানায় পুরো গ্যালারি। সতীর্থদের আলিঙ্গন, সমর্থকদের করতালি আর সিজদাহ দিয়ে মাঠ ছাড়েন মিশরীয় ফরোয়ার্ড। লিভারপুলের হয়ে শেষ ম্যাচেও রেখে যান রেকর্ডের ছাপ।

কার্টিস জোন্সের গোলের পেছনে অবদান রেখে স্টিভেন জেরার্ডকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগে লিভারপুলের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হয়েছেন সালাহ। জেরার্ডের ৯২ অ্যাসিস্ট ছাড়িয়ে সালাহর অ্যাসিস্ট এখন ৯৩টি।

ঘরের মাঠে বিদায়ী ম্যাচে গোলের খুব কাছেও গিয়েছিলেন সালাহ। ১৯তম মিনিটে তার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। সালাহর অবদানে কার্টিস জোন্স গোল করলে অ্যানফিল্ডে ফিরে আসে উচ্ছ্বাস। তবে পাঁচ মিনিট পরই সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি লিভারপুলের। তবে এক পয়েন্টই যথেষ্ট হয় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে।

২০১৭ সালে ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে এসেছিলেন সালাহ। এরপর দ্রুতই হয়ে ওঠেন দলটির আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা। ইয়ুর্গেন ক্লপের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ প্রায় সব বড় শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

আর্না স্লটের প্রথম মৌসুমে গতবার লিভারপুলের লিগ শিরোপা পুনরুদ্ধারেও বড় অবদান রাখেন সালাহ। সেবার ২৯ গোল করে হয়েছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা। তবে চলতি মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। কিছু ম্যাচে শুরুর একাদশে না থাকা, কোচের সঙ্গে দূরত্বের গুঞ্জন এবং দল নিয়ে তার প্রকাশ্য মন্তব্য, সব মিলিয়ে মৌসুমজুড়েই আলোচনায় ছিলেন এই ফরোয়ার্ড।

গত মার্চের শেষ দিকে সালাহ জানিয়ে দেন, মৌসুম শেষে শেষ হবে তার লিভারপুল অধ্যায়। বিদায়ী মৌসুমে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৭ গোল ও ৭ অ্যাসিস্ট করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে তার গোল ১২টি, অ্যাসিস্ট ১০টি।

লিভারপুল ছাড়ছেন ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে। ৪৪২ ম্যাচে ২৫৭ গোলের পাশাপাশি করেছেন ১২৩ অ্যাসিস্ট। ব্যক্তিগত পুরস্কারেও ভরপুর তার অ্যানফিল্ড অধ্যায়।

অন্যদিকে ইতিহাদে পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচের শুরুটা ভালো হলেও শেষটা হলো হতাশার। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরে মৌসুম শেষ করেছে ম্যানচেস্টার সিটি। একই ম্যাচে বিদায় নিলেন বের্নার্দো সিলভা ও জন স্টোনসও।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলছিল সিটি। ২৩তম মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে অ্যান্টোয়ান সেমেনিও গোল করলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর মতো আরও সুযোগ পেয়েছিল তারা, কিন্তু কাজে লাগাতে পারেনি।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। প্রথমার্ধে গোলের জন্য কোনো শট নিতে না পারা অ্যাস্টন ভিলা ৪৭তম মিনিটে সমতায় ফেরে। কর্নার থেকে জন স্টোনসের হেডে বল লাগে অলি ওয়াটকিন্সের শরীরে। কাছ থেকে দ্রুত প্রতিক্রিয়ায় জাল খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড।

৫৯তম মিনিটে আবেগঘন মুহূর্ত তৈরি হয় ইতিহাদে। সতীর্থদের গার্ড অব অনার ও দর্শকদের করতালির মধ্যে মাঠ ছাড়েন বের্নার্দো সিলভা। সিটির সাফল্যময় অধ্যায়ের অন্যতম মুখ পর্তুগিজ মিডফিল্ডারের চোখে ছিল জল। ডাগআউটে দাঁড়িয়ে আবেগ লুকাতে পারেননি গার্দিওলাও।

দুই মিনিট পরই সিটির বিদায়ের দিনে আরও ধাক্কা দেন ওয়াটকিন্স। অফসাইডের ফাঁদ ভেঙে এগিয়ে গিয়ে স্টোনসকে এড়িয়ে গতিময় শটে বল জালে পাঠান তিনি। ২-১ গোলে এগিয়ে যায় সদ্য ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা।

৭৮তম মিনিটে সিলভার মতোই বিদায়ী অভিবাদন নিয়ে মাঠ ছাড়েন স্টোনস। গত কয়েক বছরে সিটির আধিপত্যের অন্যতম কারিগর ছিলেন ইংলিশ ডিফেন্ডার। তারও শেষ হলো ইতিহাদ অধ্যায়। শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সিটি। ৮৯তম মিনিটে ফিল ফোডেন বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ভিএআরে দেখানো ছবিতে সিদ্ধান্তটি পরিষ্কার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান স্বাগতিক সমর্থকরা।

৩৮ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করল ম্যানচেস্টার সিটি। তবে ফলের চেয়েও বড় হয়ে রইল বিদায়ের আবহ। গার্দিওলার হাত ধরে ইংলিশ ফুটবলে যে আধিপত্যের যুগ তৈরি হয়েছিল, তার পর্দা নামল হারের মধ্য দিয়ে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর