সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক ভারত। গোয়ার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতীয় নারীরা। পুরো ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি তারা।
ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানও যেন মাঠের খেলায় পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ভারত যেখানে রয়েছে ৬৯তম স্থানে, সেখানে মালদ্বীপের অবস্থান ১৬৭ নম্বরে। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। ১০ মিনিটে প্রিয়াঙ্কা দেবীর গোলে এগিয়ে যায় ভারত। এরপর ১৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি।
প্রথমার্ধে আরও তিনবার মালদ্বীপের জাল কাঁপিয়ে ৫-০ ব্যবধানে বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে ভারতীয় দল। ৫২তম মিনিটে বদলি খেলোয়াড় কারিশমা গোল করে ব্যবধান ৬-০ করেন। এরপর গোল উৎসবে যোগ দেন আভেকা সিং। প্রথমার্ধে একবার গোল করা এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।
সবমিলিয়ে ম্যাচে চার গোল করেন ২২ বছর বয়সী এই ফুটবলার। আভেকার চার গোলের পাশাপাশি প্রিয়াঙ্কা দেবী ও কারিশমা জোড়া গোল করেন।
সব মিলিয়ে ছয়জন ফুটবলারের গোলে বড় জয় তুলে নেয় ভারত। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করে নেপাল। একই ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলেই জয় নিশ্চিত করে নেপালের মেয়েরা।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








