আর্জেন্টিনা কানসাসে, ব্রাজিল নিউইয়র্কে
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ PM

আর্জেন্টিনা কানসাসে, ব্রাজিল নিউইয়র্কে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ১০:৪৭:১৫ AM

আর্জেন্টিনা কানসাসে, ব্রাজিল নিউইয়র্কে


এবারের ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে অংশ নেওয়া ৪৮ দেশের বেস ক্যাম্প ও অনুশীলন ভেন্যুর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোজুড়ে ছড়িয়ে থাকা এসব ক্যাম্পে গ্রুপ পর্ব চলাকালে অবস্থান করবে দলগুলো।

ফিফার তথ্য অনুযায়ী, ১৬টি স্বাগতিক শহরের বাইরে আরও ২৫টি শহর ও কমিউনিটিতে থাকবে বিভিন্ন দেশের দল। এতে স্থানীয় অর্থনীতি ও পর্যটনে বড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বেস ক্যাম্প করেছে কানসাস সিটিতে। ব্রাজিল থাকবে নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলে। এছাড়া ইংল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের মতো বড় দলগুলোও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরকে বেছে নিয়েছে নিজেদের প্রস্তুতি ঘাঁটি হিসেবে।

ফিফা জানিয়েছে, মোট ৩৯টি দল যুক্তরাষ্ট্রে অবস্থান করবে। মেক্সিকোতে থাকবে ৭টি দল এবং কানাডায় থাকবে ২টি দল। মেক্সিকোতে বেস ক্যাম্প গড়া দেশগুলোর মধ্যে রয়েছে কলম্বিয়া, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, তিউনিসিয়া ও স্বাগতিক মেক্সিকো।

সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে ইরানকে ঘিরে। প্রথমে তারা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে ক্যাম্প করার পরিকল্পনা করলেও পরে সেটি বদলে মেক্সিকোর তিজুয়ানাকে বেছে নিয়েছে। নিরাপত্তা ও ভিসা-সংক্রান্ত বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শির্গি বলেছেন, 'বেস ক্যাম্প বিশ্বকাপের গুরুত্বপূর্ণ অংশ। এখানেই দলগুলো নিজেদের প্রস্তুত করে এবং টুর্নামেন্টের পুরো আবহ অনুভব করে।'

২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর