বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে আত্মবিশ্বাসী শুরু পেল বেলজিয়াম। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মাঠে গিয়ে ২-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে তারা। ইউরি টিলেমান্সের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান বদলি নামা রোমেলু লুকাকু।
মঙ্গলবার ম্যাচজুড়ে আক্রমণে বেশি ধার দেখিয়েছে বেলজিয়াম। বল দখলে সামান্য পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারা। গোলের জন্য আটটি শট নেয় বেলজিয়ানরা, যার চারটি ছিল লক্ষ্যে।
অন্যদিকে ক্রোয়েশিয়ার পাঁচ শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। ৩৮তম মিনিটে প্রথম গোল পায় বেলজিয়াম। টিলেমান্সের গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়াও। তবে লুকা মদ্রিচের শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বেলজিয়াম। দুই দলই হেড থেকে একবার করে ক্রসবারে বল লাগায়। তবে গোলের ব্যবধান বাড়াতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় যোগ করা সময় পর্যন্ত।
৭৩তম মিনিটে মাঠে নামেন লুকাকু। সদ্য শেষ হওয়া মৌসুমে চোটের কারণে নাপোলির হয়ে খুব বেশি সময় খেলতে পারেননি তিনি। পুরো মৌসুমে মাঠে ছিলেন এক ঘণ্টার একটু বেশি সময়। তবু তাকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রেখেছেন বেলজিয়াম কোচ।
সেই আস্থার প্রতিদানই যেন দিলেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটের শেষ দিকে গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন তিনি। জাতীয় দলের হয়ে ১২৫ ম্যাচে লুকাকুর গোল হলো ৯০টি। বেলজিয়ামের রেকর্ড গোলস্কোরার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি।
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। তার আগে তিউনিসিয়ার বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম। অন্যদিকে ক্রোয়েশিয়া শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে স্লোভেনিয়ার।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








