টাকা-স্বর্ণ নয়, চোর নিয়ে গেছে স্ত্রীর বিয়ের শাড়ি; ফেরতের আকুতি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM

টাকা-স্বর্ণ নয়, চোর নিয়ে গেছে স্ত্রীর বিয়ের শাড়ি; ফেরতের আকুতি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৬:৫১:৫৫ PM

টাকা-স্বর্ণ নয়, চোর নিয়ে গেছে স্ত্রীর বিয়ের শাড়ি; ফেরতের আকুতি


চুরি করতে গিয়ে নগদ টাকা কিংবা স্বর্ণালংকার না পেলেও গৃহবধূর বিয়ের শাড়িসহ পুরোনো দামি কাপড়চোপড় নিয়ে গেছে চোর। সুনামগঞ্জের দিরাই পৌরসভার মজলিশপুর এলাকায় এ ঘটনার পর অন্য জিনিসপত্রের চেয়ে স্ত্রীর বিয়ের শাড়িটি ফিরে পাওয়ার আকুতিই এখন বেশি ভুক্তভোগী পরিবারের।

চুরির পর বাসার মালিক ও শিক্ষক রাহুল তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে চোরের কাছে শাড়িটি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ফেসবুক পোস্টে রাহুল তালুকদার জানান, কয়েক দিন আগে তাঁদের বাসায় চুরি হয়। এ সময় কাপড়চোপড়ের সঙ্গে তাঁর স্ত্রীর বিয়ের শাড়িটিও নিয়ে যায় চোর। অন্যান্য জিনিসের ক্ষতি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব হলেও শাড়িটির সঙ্গে তাঁদের অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে থাকায় সেটি হারিয়ে স্ত্রী খুবই মন খারাপ করে আছেন বলে জানান তিনি।

রাহুল তালুকদার লেখেন, ‘এখন তো অনলাইনের যুগ, নেটের যুগ। জানি, এই কথাটি হয়তো চোরের কাছে পৌঁছানোই অসম্ভব- তবুও কেন জানি মনে হলো, হয়তো সেও মোবাইল ব্যবহার করে, হয়তো কোনোভাবে এই কথাটি তার চোখে পড়তে পারে।’

চোরের কাছে শাড়িটি থাকলে তা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, টাকার বিনিময়ে হলেও শাড়িটি ফেরত দিতে রাজি থাকলে যেন সেটি তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রয়োজনে শাড়িটির বিনিময়ে টাকা দিতেও তাঁরা প্রস্তুত বলে জানান তিনি।

রাহুল তালুকদার বলেন, ‘শাড়িটির মূল্য আমাদের কাছে টাকার চেয়ে অনেক বেশি। বাকি জিনিসপত্রের কথা বাদ দিলাম। শুধু আমার স্ত্রীর বিয়ের শাড়িটা যদি ফিরিয়ে দিতেন, তাহলে সত্যিই কৃতজ্ঞ থাকতাম।’

এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে মজলিশপুরের ওই বাসায় চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা সিলেটে থাকায় সে সময় বাসাটি ফাঁকা ছিল। এই সুযোগে চোর স্টিলের দরজা ছিদ্র করে ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে।

পরে ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে স্টিলের আলমারি থেকে পুরোনো দামি কাপড়চোপড় নিয়ে যায় চোর। তবে নগদ টাকা বা স্বর্ণালংকার না পাওয়ার কথা জানা গেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর