ভাতের সঙ্গে ভর্তা কেন বাঙালির পছন্দের খাবার
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ PM

ভাতের সঙ্গে ভর্তা কেন বাঙালির পছন্দের খাবার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১০:১২:২২ AM

ভাতের সঙ্গে ভর্তা কেন বাঙালির পছন্দের খাবার


ধোঁয়া ওঠা গরম ভাত আর একবাটি ভর্তা- বাঙালির কাছে এ যেন শুধু খাবার নয়, হাজার বছরের আবেগের নাম। আমাদের খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের সঙ্গে ভর্তা-ভাত এমনভাবে জড়িয়ে আছে যে, খাবারের আয়োজন যতই জমকালো হোক, দিনশেষে এই সাদামাটা খাবারের কাছেই যেন ফিরে আসে তৃপ্তি। সকালের গরম ভাতের সঙ্গে আলু ভর্তা কিংবা শুঁটকি ভর্তায় কখনো কখনো একজন বাঙালির ক্ষুধা ও মন দুইটাকেই একসঙ্গে ভরার জন্য যথেষ্ট।

দেশে হোক কিংবা বিদেশে, পোলাও-বিরিয়ানির আমেজ শেষ হলে পরিচিত স্বাদের খোঁজে বাঙালির মন পড়ে থাকে সেই ভর্তা-ভাতেই। মুখরোচক নানা পদের ভিড়ে এই সাধারণ খাবার নিয়ে এত মাতামাতির রহস্য লুকিয়ে আছে আবেগ, সংস্কৃতি ও ইতিহাসের গভীরে।

কৃষিভিত্তিক জীবন আর সহজ রান্নার গল্প

বাঙালির খাদ্যাভ্যাসের ইতিহাস মূলত নদী, কৃষি আর সহজ-সরল জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে। একসময় সাধারণ কৃষক পরিবারের প্রতিদিনের খাবারে পান্তা কিংবা গরম ভাতের সঙ্গে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হতো ভর্তা। একটি আলু, দুইটা বেগুন কিংবা সামান্য সিদ্ধ ডাল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ও সরিষার তেলের ছোঁয়ায় হয়ে উঠত সুস্বাদু খাবার।

কম খরচে, সহজলভ্য উপকরণে এবং অল্প সময়ে পেট ভরানোর এই পদ্ধতিই ধীরে ধীরে রূপ নিয়েছে বাঙালির অনন্য রন্ধন ঐতিহ্যে। সাধারণ একটি সবজিকেও মেখে-মিশিয়ে অসাধারণ স্বাদের পদে পরিণত করা যায়-ভর্তা তারই চমৎকার উদাহরণ।

এক ভর্তাতেই স্বাদের কত আয়োজন

ভর্তার আসল জাদু লুকিয়ে আছে স্বাদের বৈচিত্র্যে। কাঁচা বা ভাজা পেঁয়াজের মিষ্টি স্বাদ, পোড়া মরিচের ধোঁয়াটে ঝাঁঝ, কাঁচামরিচের তীব্রতা আর সরিষার তেলের সুবাস মিলিয়ে ভর্তা হয়ে ওঠে বাঙালির রসনাবিলাসের অন্যতম প্রিয় অনুষঙ্গ।

কখনো চটকে নেওয়া সিদ্ধ আলু, কখনো পোড়া বেগুন, কখনো শুঁটকি কিংবা চিংড়ি মতো উপকরণই বদলালেই বদলে যায় স্বাদ। তিল, সরিষা কিংবা বিভিন্ন শাক দিয়েও তৈরি হয় নানা ধরনের ভর্তা। তাই একই ভাতের সঙ্গে প্রতিদিন ভিন্ন ভর্তা থাকলেও একঘেয়ে লাগে না।

স্বাদের সঙ্গে জড়িয়ে শৈশবের স্মৃতি

ভর্তা-ভাতের আবেদন শুধু স্বাদে আটকে নেই। এর সঙ্গে মিশে থাকে শৈশবের অসংখ্য স্মৃতি। মায়ের হাতে মমতা দিয়ে মেখে দেওয়া ভাতের লোকমা, বর্ষার দিনে কাঁচামরিচ-পেঁয়াজ দিয়ে পটল, পটলের খোসা বা ডাল দিয়ে তৈরি ভর্তা কিংবা বাড়ির উঠানে বসে পরিবারের সবাই মিলে খাওয়ার দৃশ্য- এসব স্মৃতি খাবারটিকে আরও আপন করে তোলে।

হাত দিয়ে ভাত মেখে খাওয়া কিংবা পাটা-পুতায় উপকরণ বেটে ভর্তা তৈরির ঐতিহ্যও বাঙালির খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। খাবারের সঙ্গে হাতের এই সরাসরি যোগাযোগ যেন স্বাদকে আরও গভীর করে, তৈরি করে এক ধরনের আত্মিক টান।

সবার খাবার, সবার প্রিয়

ভর্তা-ভাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সর্বজনীনতা। মেহনতি মানুষের দুপুরের খাবারের থালা থেকে শুরু করে শহরের অভিজাত রেস্তোরাঁয় ভর্তার উপস্থিতি দেখা যায়। দামের দিক থেকে সাধারণ হলেও স্বাদের দিক থেকে কোনো অংশেই পিছিয়ে থাকে না।

উৎসবের জমকালো আয়োজনে নানা পদ থাকলেও বাঙালির পাতে ভর্তার জায়গা ঠিকই থাকে। কারণ এটি শুধু একটি খাবার নয়, বরং নিজের শিকড় ও পরিচয়ের সঙ্গে যুক্ত এক স্বাদ।

ভর্তা-ভাত বাঙালির কাছে শুধু ক্ষুধা মেটানোর খাবার নয়। এর মধ্যে মিশে আছে মাটি, কৃষিজীবন, পারিবারিক বন্ধন, শৈশবের স্মৃতি এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা রান্নার ঐতিহ্য।

পৃথিবীর যেখানেই বাঙালি থাকুক না কেন, এক থালা ধোঁয়া ওঠা গরম ভাত আর পছন্দের একটি ভর্তা সামনে এলেই মনে পড়ে যেতে পারে বাড়ির কথা। হয়তো এ কারণেই এত আধুনিকতার মাঝেও ভর্তা-ভাত তার আবেদন হারায়নি।

বরং সময় যত যাচ্ছে, এই সাদামাটা খাবারই তত বেশি করে মনে করিয়ে দিচ্ছে- বাঙালির শিকড় আসলে তার স্বাদেই লুকিয়ে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর