নাসুম আহমেদ ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ৮১ রানেই নেদারল্যান্ডসের ৯ উইকেট তুলে নিলো বাংলাদেশ। সম্ভাবনা জেগেছিল তাদেরকে একশর আগে গুটিয়ে দেওয়ার। কিন্তু একাই দাঁড়িয়ে গেলেন ৯ নম্বরে নামা আরিয়ান দত্ত।
৯ নম্বর এই ব্যাটারের কল্যাণে কোনোমতে একশ পেরিয়ে ১০৩ রানে অলআউট হলো নেদারল্যান্ডস। ক্যারিয়ার সেরা ইনিংসে ৩০ রান করলেন আরিয়ান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা নাসুম। এছাড়া তাসকিন ও মুস্তাফিজুর রহমানের শিকার ২টি করে উইকেট।
বোলারদের উজ্জ্বল পারফরম্যান্সে সিরিজ জিততে বাংলাদেশের সামনে এখন তাই মামুলি লক্ষ্য।
টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। তৃতীয় ওভারে বল হাতে নিয়ে পরপর দুই বলে দুই উইকেট নেন নাসুম আহমেদ। পাওয়ার প্লের মধ্যে আরেক ব্যাটারকে ফেরান তাসকিন।
বাঁহাতি ওপেনার বিক্রমজিত সিং করেন ১৭ বলে ২৪ রান। স্বীকৃত ব্যাটারদের মধ্যে আর কেউই তেমন কিছু করতে পারেননি। তাসকিনের প্রথম বলে জীবন পেয়েও ১৭ বলে ১২ রানের বেশি করতে পারেননি শরিজ আহমাদ।
মাত্র ৬৫ রানে ৭ উইকেট হারানোর পর নামেন আরিয়ান। একপ্রান্ত আগলে রেখে ৩ চার ও ১ ছক্কায় ২৪ বলে ৩০ রান করেন তিনি। ১৮তম ওভারে আরিয়ানকে বোল্ড করে নেদারল্যান্ডসের ইনিংস গুটিয়ে দেন শেখ মেহেদি হাসান।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








