২১ দেশের ৮১ ছবি নিয়ে শাবিপ্রবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১২ PM

২১ দেশের ৮১ ছবি নিয়ে শাবিপ্রবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০৫:৫৫:৪৭ PM

২১ দেশের ৮১ ছবি নিয়ে শাবিপ্রবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) আয়োজনে চলছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। সংগঠনটির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। শুক্রবার দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ডির নিচতলায় প্রথম পর্বের আলোকচিত্র প্রদর্শনী চলছে যা ৮ আগস্ট সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে। পরবর্তীতে আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্ব ঢাকা আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সভাপতি রুবাইয়া নাসরিন বলেন, ‌প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার হাজারেরও বেশি আলোকচিত্র জমা পড়েছিল। এর মধ্য থেকে ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও মেক্সিকোসহ ২১টিরও বেশি দেশের প্রায় ৫০০টি আলোকচিত্র প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। দেশ-বিদেশ থেকে জমা পড়া এসব আলোকচিত্রের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে বিচারকমণ্ডলী চূড়ান্ত প্রদর্শনীর জন্য মোট ৮১টি ছবি নির্বাচিত করেছেন।

এসব আলোকচিত্র বাছাইয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভির মুরাদ, প্রখ্যাত আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল ও শফিকুল আলম কিরণ।

প্রদর্শনীর নির্বাচিত ছবিগুলো একক (ক্যামেরা), মোবাইল এবং ফটো স্টোরি মোট তিনটি ক্যাটাগরিতে প্রদর্শিত হবে। পুরো প্রদর্শনীর জন্য প্রাইজমানি হিসেবে ৪০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর